বাংলার স্বাস্থ্যক্ষেত্রে বড় বদলের ইঙ্গিত! আদানির ‘আরোগ্য নিকেতন’-এ আন্তর্জাতিক সংযোগ

Published on:

Published on:

Major transformation in West Bengal's healthcare sector by Adani Arogya Niketan
Follow

বাংলা হান্ট ডেস্ক : নতুন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাকে ঢেলে সাজানোর। রাজ্যে পালা বদলের পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একের পর এক নয়া পরিকল্পনা করেছে বঙ্গের জন্য। তারই আর ও একধাপ এগোল। নিউটাউনের স্বাস্থ্য মানচিত্রে এবার যোগ হতে চলেছে এক বিশাল চিকিৎসা পরিকাঠামো। ৫১.৭৫ একর জমিতে তৈরি হবে ‘আদানি আরোগ্য নিকেতন’ (Adani Arogya Niketan)।

রাজ্য তৈরি হতে চলেছে আদানি আরোগ্য নিকেতন (Adani Arogya Niketan)

পরিকল্পনা অনুযায়ী,আদানি আরোগ্য নিকেতন চালু হলে একসঙ্গে ২,০০০ রোগীকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা থাকবে। শুধু বেসরকারি চিকিৎসা পরিষেবা নয়, সাধারণ ও আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের জন্যও এই প্রকল্পে আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। সব কাজ শেষ হলে হাসপাতালটি পূর্ব ভারতের বৃহত্তম বেসরকারি হাসপাতাল হতে চলেছে। ১,০০০টি বেডে বিনামূল্যে অথবা নামমাত্র খরচে চিকিৎসার সুযোগ দেওয়ার কথা রয়েছে। এই অংশে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধাও পাওয়া যাবে।

আন্তর্জাতিক চিকিৎসা পরিষেবার সঙ্গে প্রকল্পটিকে যুক্ত করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকার খ্যাতনামা মায়ো ক্লিনিককে। হাসপাতালটির গ্লোবাল কনসালট্যান্ট হিসেবে এই প্রতিষ্ঠান যুক্ত থাকছে। ফলে আধুনিক চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ পরামর্শ ও গবেষণার ক্ষেত্রেও আন্তর্জাতিক মান বজায় রাখার লক্ষ্য নেওয়া হয়েছে।

হাসপাতালটির আকার বাড়ানোর সিদ্ধান্তও এসেছে পরিকল্পনা পর্যালোচনার পর। প্রথম দিকে এক হাজার বেডের পরিকাঠামো তৈরির কথা ভাবা হয়েছিল। পরে স্বাস্থ্য পরিষেবার চাহিদা এবং প্রকল্পের পরিসর বিবেচনা করে ২,০০০ শয্যার হাসপাতাল তৈরির পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে প্রকল্পে প্রায় ১,২০০ কোটি টাকা খরচ করা হবে। নির্মাণ এগোনোর সঙ্গে সঙ্গে আরও প্রায় ১,৮০০ কোটি টাকা বিনিয়োগ করা হতে পারে। মোট বিনিয়োগ ২,৫০০ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রকল্পকে ঘিরে রাজ্যের আর্থিক সুবিধা দেওয়ার বিষয়টিও সামনে এসেছে। জমির চরিত্র পরিবর্তন এবং অন্যান্য অনুমোদন ও ছাড়ের ক্ষেত্রে প্রায় ১,৯৬৭ কোটি টাকার রাজস্ব মকুব করেছে রাজ্য সরকার বলে নবান্ন সূত্রের দাবি। সরকারের হিসাবে, হাসপাতালটি পুরোপুরি চালু হলে চিকিৎসা পরিষেবার পাশাপাশি কর্মসংস্থান, মেডিক্যাল ট্যুরিজম এবং স্বাস্থ্য গবেষণার ক্ষেত্রেও অর্থনৈতিক কার্যকলাপ বাড়বে। বছরে প্রায় ৪,০৮৫ কোটি টাকার আর্থিক সুফল রাজ্যে আসতে পারে বলে প্রশাসনিক হিসাব।

Major transformation in West Bengal's healthcare sector by Adani Arogya Niketan

আরও পড়ুন : সব নথিপত্র থাকলেও মিলবে না পিঙ্ক কার্ড! কোন মহিলারা ফ্রি বাস পরিষেবার সুবিধা পাবেন না জানুন

এই বড় প্রকল্পের আনুষ্ঠানিক সূচনার জন্য বৃহস্পতিবার নিউটাউনে আসছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। অ্যাকশন এরিয়া-২-এর ৫১.৭৫ একর জমিতে হাসপাতালটির ভূমিপুজো ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে শিল্প বিনিয়োগের পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রেও বড় বেসরকারি প্রকল্প আনার যে উদ্যোগের কথা বলা হচ্ছে, এই হাসপাতাল সেই তালিকায় গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে।