বদলি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, শিক্ষকদের দেওয়া হচ্ছে অনৈতিক প্রস্তাব! বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করল SSC

Published on:

Published on:

SSC publishes notification regarding teacher transfer scam
Follow

বাংলা হান্ট ডেস্ক : শিক্ষক বদলির সুযোগ করে দেওয়ার কথা বলে যদি কেউ যোগাযোগ করেন, তাহলে সতর্ক হওয়ার পরামর্শ দিল স্কুল সার্ভিস কমিশন (SSC)। কমিশনের পরিচয় ভাঙিয়ে বদলি করিয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে বলে অভিযোগ সামনে আসার পরই এই সতর্কবার্তা। বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SSC।

কী জানাল স্কুল সার্ভিস কমিশন(SSC) ?

বদলির জন্য নিয়মের বাইরে গিয়ে কোনও সুবিধা পাইয়ে দেওয়ার সঙ্গে কমিশনের কোনও সম্পর্ক নেই বলেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফলে কমিশনের নাম করে কেউ কোনও প্রস্তাব দিলে সেটিকে সরকারি উদ্যোগ বলে ধরে না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে কমিশনের বার্তা, এমন যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে।

বদলি প্রক্রিয়া নিয়ে কমিশনের ভূমিকাও বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা করা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুসারে শিক্ষক বদলির ক্ষেত্রে সুপারিশ করে SSC। কিন্তু সেই সুপারিশের ভিত্তিতে বদলির অনুমোদন দেওয়া এবং চূড়ান্ত নির্দেশ জারি করার দায়িত্ব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের। ফলে কমিশনের নাম করে সরাসরি বদলি নিশ্চিত করার দাবি করার কোনও আইনি ভিত্তি নেই।

সম্প্রতি কমিশনের কাছে এমন অভিযোগ আসে যে, বদলির প্রতিশ্রুতি দিয়ে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কোথাও কোথাও বদলির পরিবর্তে অনুচিত প্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছে। এই ধরনের ঘটনাকে কেন্দ্র করেই শিক্ষক মহলে সতর্কতা তৈরি হয়েছে। অভিযোগ পাওয়ার পর দ্রুত বিজ্ঞপ্তি জারি করে নিজেদের অবস্থান জানায় SSC। এই ধরনের ঘটনা যাতে আরও ছড়িয়ে না পড়ে, সেজন্য অভিযোগ জানানোর পথও স্পষ্ট করে দিয়েছে কমিশন।

SSC publishes notification regarding teacher transfer scam

আরও পড়ুন : অক্টোবরে ১১ দিনের ব্যাঙ্ক ছুটি, SBI-HDFC-সহ রইল সম্পূর্ণ তালিকা

উল্লেখ্য, বদলির বিষয়ে কেউ বেআইনি সুবিধা দেওয়ার কথা বললে বা SSC-র নাম ব্যবহার করে যোগাযোগ করলে সংশ্লিষ্ট শিক্ষককে দ্রুত পুলিশকে বিষয়টি জানাতে বলা হয়েছে। পাশাপাশি অ্যান্টি করাপশন ব্রাঞ্চ বা ACB এবং স্কুল সার্ভিস কমিশনের কাছেও অভিযোগ জানানো যাবে। স্কুল সার্ভিস কমিশনকে ঘিরে অতীতে নিয়োগ সংক্রান্ত নানা অভিযোগ সামনে এসেছিল। এরপর বদলির নামে কমিশনের নাম ব্যবহার করার অভিযোগ সামনে আসায় ফের প্রকাশ্যে সতর্কবার্তা দিতে হল SSC-কে।