বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (India vs West Indies) মাঠে নামতে চলেছে ভারতীয় দল (Indian Cricket Team)। তিন ম্যাচের ওডিআই সিরিজটিকে আসন্ন ৫০ ওভারের বিশ্বকাপের (2027 ODI World Cup) প্রস্তুতির জন্য একটা মঞ্চ হিসেবেই দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এমন পরিস্থিতিতে এই ভারতীয় দলের ব্যাক আপ ওপেনার যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) যথেষ্ট সুযোগ না পাওয়ার প্রসঙ্গ নিয়ে ফের জল্পনা আরম্ভ হয়েছে। অনেক ক্রিকেটপ্রেমীই চাইছিলেন যে এই সিরিজে অন্তত তাকে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ দেওয়া হোক।
সাম্প্রতিক অতীতে ভারত যখনই কোনও ওয়ানডে সিরিজের জন্য মাঠে নামে, তখনই ওপেনার যশস্বী জয়সওয়ালকে নিয়ে আলোচনা শুরু হয়। আজ কেরালায় ভারত ও ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে; ম্যাচের আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যাটিং কোচ সিতাংশু কোটাক জয়সওয়াল সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তার মন্তব্য থেকেই পরিস্কার যে টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা অনুযায়ী স্কোয়াডে থাকা সত্ত্বেও আজ এই বাঁ-হাতি ওপেনারের খেলার সম্ভাবনা কম। কারণ, আগের সিরিজগুলির মতোই রোহিত শর্মা ও অধিনায়ক শুভমান গিল ভারতের হয়ে ইনিংস ওপেন করার ফর্মুলায় অনড় রয়েছে ভারতীয় দলের থিংক ট্যাঙ্ক। জয়সওয়াল সর্বশেষ গত জুনে আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজে মাঠে নেমেছিলেন এবং একটি শতরানও করেছিলেন। এর আগে গতবছরের শেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজেও অধিনায়ক শুভমান গিলের চোটের কারণে সুযোগ পেয়ে শতরান হাঁকান যশস্বী।
আরও পড়ুন: নতুন করে অবসরের ইঙ্গিত দিলেন বিরাট কোহলি! বিশ্বকাপ নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য
কিন্তু ভারতের ব্যাটিং কোচ কোটাকের মতে, তাঁকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। এর অর্থ হলো নিয়মিত ওপেনারদের কেউ চোট বা অন্য কোনো কারণে ছিটকে না পড়লে তিনি একাদশে জায়গা পাচ্ছেন না। অথবা হয়তো তাঁদের কাউকে বিশ্রাম দেওয়া হলে তবেই তিনি সুযোগ পেতে পারেন। কোটাক বলেছেন, “আমার মনে হয় দলে জায়গা পাওয়ার জন্য প্রচুর প্রতিযোগিতা রয়েছে এবং অনেক খেলোয়াড়ই ভালো পারফর্ম করছেন। নির্দিষ্ট করে জয়সওয়ালের কথা যদি বলি। আমরা সবাই জানি যে তিনি অন্যতম সেরা একজন ব্যাটার এবং যখনই সুযোগ পান, তখনই ভালো খেলেন। তাই তিনি দলেরই একজন অংশ।”
আরও পড়ুন: কাঁধে গম্ভীরের ভরসার হাত! দুটি বিশ্বরেকর্ড গড়তে মাঠে নামবেন রোহিত শর্মা
এরপর আসল পরিকল্পনা প্রকাশ করে তিনি বলেন, “কোচিং স্টাফ হিসেবে আমরা তার দক্ষতা, অনুশীলন ও মানসিকভাবে তরতাজা রাখার বিষয়গুলো দেখভাল করি। গৌতম গম্ভীরও তার সঙ্গে অনেক কথা বলেন। তবে মাঝেমধ্যে এমন পরিস্থিতি তৈরি হয়, যেমন ধরুন, দলে যদি তিনজন খুব ভালো উইকেটকিপার থাকেন, তখন তো কেবল একজনই খেলতে পারেন। তাই বিষয়টি এমন নয় যে তার প্রতি কোনো অবিচার করা হয়েছে। তার উচিত কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়া এবং সুযোগের অপেক্ষায় থাকা। আর এখন পর্যন্ত যখনই সে সুযোগ পেয়েছে, ভালো পারফর্মই করেছে।”













