বাংলা হান্ট ডেস্ক: যখনই কেউ অসুস্থতার সম্মুখীন হন তখন রোগীকে সঠিক এবং ভালো হাসপাতালে (Hospital Grading) নিয়ে যাওয়ার বিষয়টিতেই সবথেকে বেশি মনোযোগ থাকে। অনেকেই বুঝতে পারেন না কোন হাসপাতাল তাঁদের জন্য উপযুক্ত। তবে, এখন সরকার এই বিভ্রান্তি দূর করতে চলেছে। মূলত, দেশের (India) স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য সরকার (Government) একটি বড় পদক্ষেপ নিচ্ছে। নীতি আয়োগ একটি ন্যাশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছে। যা দেশের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালকে গ্রেড দেবে। এই গ্রেডিং আন্তর্জাতিক মানদণ্ডের ওপর ভিত্তি করে করা হবে। যার উদ্দেশ্য হল, রোগীদের সঠিক তথ্য প্রদান করা। যাতে তাঁরা তাঁদের চিকিৎসা সম্পর্কে সুচিন্তিত সিদ্ধান্ত নিতে পারেন।
হাসপাতালের ‘রেটিং’ (Hospital Grading) দেখে ভর্তির সুযোগ রোগীদের:
স্বচ্ছতা হেলথ সেক্টরের উন্নতি ঘটাবে: জানিয়ে রাখি যে,বর্তমানে, রোগীদের হাসপাতালের মান যাচাই করার জন্য কোনও স্বচ্ছ উপায় নেই। এই নতুন ব্যবস্থাটি চালু হলে, গ্রেডিং পদ্ধতিটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যাবে। এছাড়াও, এটি হাসপাতালগুলিকে তাদের সুযোগ-সুবিধা উন্নত করতে বাধ্য করবে। নীতি আয়োগের একটি নতুন দল দ্রুতগতিতে এই প্রকল্পে কাজ করছে। সরকারের মতে, এই স্বচ্ছ এবং নিরীক্ষিত ব্যবস্থাটি ভারতের হেলথ ইকোসিস্টেমের উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে। এর পাশাপাশি, চিকিৎসার জন্য বিদেশ থেকে ভারতে আসা রোগীর সংখ্যাও বাড়বে। যা মেডিক্যাল ট্যুরিজমকে উৎসাহিত করবে।

হাসপাতালগুলিকে কোন কোন মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হবে: উল্লেখ্য যে, একজন উচ্চ আধিকারিকের মতে, এই ফ্রেমওয়ার্ক চলতি বছরের শেষ নাগাদ প্রস্তুত হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। এরপর, পরবর্তী অর্থবর্ষে হাসপাতালগুলির গ্রেডিং প্রক্রিয়া শুরু হতে পারে। সম্প্রতি, নীতি আয়োগের সদস্য এম. শ্রীনিবাসের নেতৃত্বে স্টেকহোল্ডারদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন হয়েছে। সেখানে হাসপাতাল মূল্যায়নের মানদণ্ড নির্ধারণ করা হচ্ছে। যার মধ্যে রোগীর নিরাপত্তা, ঔষধ প্রয়োগে ত্রুটি, চিকিৎসার পর রোগীর অভিজ্ঞতা এবং পুনরায় হাসপাতালে ভর্তির হারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও, ক্যানসার (অঙ্কোলজি) সার্জারির পর মৃত্যুহার এবং অঙ্গ প্রতিস্থাপনের পর বেঁচে থাকার হারের মতো জরুরি তথ্যও এই গ্রেডিংয়ের একটি মূল উপাদান হবে।
আরও পড়ুন: বৃষ্টির কারণে ভেস্তে গেল আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ! এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছল টিম ইন্ডিয়া
বিমা কোম্পানিগুলিও লাভবান হবে: TV9-এর রিপোর্ট অনুযায়ী, ইওয়াই-পারথেনন ইন্ডিয়ার হেলথ কেয়ার সেক্টরের লিডার শ্রীময়ী চক্রবর্তী বলেন যে, এই স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্কের সবচেয়ে বড় সুবিধা হবে রোগীদের। এছাড়াও, যে হাসপাতালগুলি সত্যিই উচ্চমানের পরিষেবা প্রদান করে, তারা অন্যদের থেকে নিজেদের আলাদা করে তুলে ধরতে সক্ষম হবে। শুধু তাই নয়, হেলথ ইন্স্যুরেন্স প্রদানকারী সংস্থাগুলিও এই গ্রেডিংয়ের ফলাফলের ওপর ভিত্তি করে তাদের নতুন প্ল্যান তৈরি করতে পারবে।
আরও পড়ুন: অনবদ্য ফ্রি কিকে অবিশ্বাস্য গোল! ফের মেসি ম্যাজিকে মুগ্ধ গোটা বিশ্ব, রয়েছেন দুরন্ত ফর্মে
ব্রিটেনের পদ্ধতি দ্বারা অনুপ্রাণিত: জানিয়ে রাখি যে, বর্তমান ব্যবস্থার কথা বিবেচনা করলে, ভারতের বেসরকারি হাসপাতালগুলিকে রোগীর সুরক্ষার জন্য NABH মানদণ্ড মেনে চলতে হয়। কিন্তু সমস্যা হল, এই রিপোর্ট কখনোই জনসমক্ষে প্রকাশ করা হয় না। ফলে, রোগীরা হাসপাতালের প্রকৃত মান যাচাই করতে পারেন না। এদিকে, ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস (NHS) যথাযথভাবে হাসপাতালের কোয়ালিটি ইন্ডিকেটরের রিপোর্ট প্রকাশ করে। এটি রোগীদের নিজেদের জন্য সঠিক হাসপাতাল বেছে নিতে সাহায্য করে। ভারতে এই স্বচ্ছ ব্যবস্থাটি বাস্তবায়নের জন্য এখন প্রস্তুতি চলছে।













