১৮ বিলিয়ন ডলারের বিনিয়োগ! আমেরিকার সবথেকে বড় স্টিল প্ল্যান্ট তৈরি করবে ভারতের Essar Group

Published on:

Published on:

India's Essar Group will build America's largest steel plant.
Follow

বাংলাহান্ট ডেস্ক: আমেরিকার (America) শিল্প মানচিত্রে বড় ছাপ ফেলতে চলেছে ভারতের (India) এসার গ্রুপ (Essar Group)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসে ঘোষণা হয়েছে, এসার সমর্থিত মেসাবি মেটালিক্স আমেরিকায় মোট ১৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চলেছে। এর মধ্যে ১৫ বিলিয়ন ডলার খরচ হবে আইওয়ায় একটি অত্যাধুনিক স্টিল কমপ্লেক্স তৈরিতে। বাকি ৩ বিলিয়ন ডলার ইতিমধ্যেই মিনেসোটার মেসাবি আয়রন রেঞ্জে তৈরি হওয়া লৌহ আকরিকের খনি ও পেলেটাইজিং প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে। পুরো প্রকল্পটি মিনেসোটার খনি থেকে লৌহ আকরিক নিয়ে আইওয়ায় ইস্পাত তৈরির একটি সমন্বিত সরবরাহ ব্যবস্থা গড়ে তুলবে। মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই প্রকল্প আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় একক স্টিল কমপ্লেক্স বিনিয়োগ হতে চলেছে।

আমেরিকার সবথেকে বড় স্টিল প্ল্যান্ট তৈরি করবে ভারতের Essar Group:

প্রস্তাবিত কারখানাটি তৈরি হবে আইওয়ার দক্ষিণ-পূর্ব অংশে এবং উৎপাদন শুরুর লক্ষ্য ২০৩০ সাল নাগাদ। প্রথম পর্যায়ে বছরে প্রায় ৭৫ লক্ষ টন ইস্পাত উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে সেই ক্ষমতা বাড়িয়ে বছরে প্রায় ১ কোটি টনে নিয়ে যাওয়ার লক্ষ্য রাখা হয়েছে। প্রকল্পটি পুরোপুরি চালু হলে অন্তত ১,৭৫০টি স্থায়ী কর্মসংস্থান তৈরি হতে পারে। নির্মাণপর্বে আরও কয়েক হাজার মানুষের কাজের সুযোগ তৈরি হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। এসার গ্রুপের (Essar Group) পরিকল্পনা অনুযায়ী, মিনেসোটার মেসাবি খনি থেকে উৎপাদিত উচ্চমানের লৌহ আকরিক সরাসরি আইওয়ার স্টিল কমপ্লেক্সে পাঠানো হবে। ফলে খনি থেকে ইস্পাত তৈরি পর্যন্ত সরবরাহ শৃঙ্খলের বড় অংশই আমেরিকার মাটিতে সম্পন্ন হবে।

আরও পড়ুন: আগরকরের পরে টিম ইন্ডিয়ার অন্তর্বর্তীকালীন চিফ সিলেক্টর হলেন প্রজ্ঞান ওঝা! কী পরিকল্পনা BCCI-র?

এই প্রকল্পে আধুনিক ডাইরেক্ট রিডিউসড আয়রন বা DRI এবং ইলেকট্রিক আর্ক ফার্নেস বা EAF প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। সংস্থার দাবি, এর ফলে প্রচলিত কয়লাভিত্তিক ব্লাস্ট ফার্নেসের তুলনায় শক্তি ব্যবহার ও নির্গমন কমানো সম্ভব হবে। মিনেসোটার খনি থেকে তৈরি ডাইরেক্ট রিডাকশন গ্রেড আয়রন ওর প্যালেট এই কারখানার অন্যতম প্রধান কাঁচামাল হবে। নতুন স্টিল কমপ্লেক্সে তৈরি ইস্পাত মার্কিন প্রতিরক্ষা শিল্প, গাড়ি ও ট্রাক নির্মাণ, জাহাজ তৈরি, শক্তি, পরিকাঠামো এবং বিভিন্ন শিল্পক্ষেত্রে ব্যবহার করা যাবে। সংস্থার হিসাব অনুযায়ী, নির্মাণ এবং প্রথম দশ বছরের কার্যক্রম মিলিয়ে প্রকল্পটি প্রায় ৯৫ বিলিয়ন ডলারের অর্থনৈতিক কার্যকলাপকে সমর্থন করতে পারে।

হোয়াইট হাউসের অনুষ্ঠানে ট্রাম্প এই প্রকল্পকে আমেরিকার ইস্পাত শিল্পের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে তুলে ধরেন। তাঁর বক্তব্য, নতুন কারখানার মাধ্যমে দেশে ইস্পাত উৎপাদন বাড়বে এবং আমেরিকার নিজস্ব সরবরাহ ব্যবস্থা আরও শক্তিশালী হবে। সম্প্রতি আমদানি করা ইস্পাতের উপর মার্কিন প্রশাসনের উচ্চ শুল্কের নীতির কথাও তিনি উল্লেখ করেছেন। তাঁর দাবি, এই ধরনের শুল্ক বিদেশ থেকে ইস্পাত আমদানির পরিবর্তে আমেরিকার মাটিতে উৎপাদন বাড়ানোর জন্য সংস্থাগুলিকে উৎসাহিত করছে। তবে প্রকল্পটির বাস্তবায়ন সময়সাপেক্ষ এবং উৎপাদন পুরো মাত্রায় পৌঁছতে কয়েকটি ধাপ পেরোতে হবে।

India's Essar Group will build America's largest steel plant.

আরও পড়ুন: ধর্মীয় প্রতিষ্ঠান, হাসপাতালে থেকে দূরত্ব বেড়ে ৫০০ মিটার, মদের লাইসেন্সে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য

এসার গ্রুপের (Essar Group) জন্যও এই প্রকল্প বিশেষ তাৎপর্যপূর্ণ। ১৯৬৯ সালে শশী রুইয়া ও রবি রুইয়ার উদ্যোগে গড়ে ওঠা এই শিল্পগোষ্ঠীর ব্যবসা বর্তমানে শক্তি, পরিকাঠামো, ধাতু ও খনি-সহ একাধিক ক্ষেত্রে ছড়িয়ে রয়েছে। ভারতে গুজরাতের হাজিরায় Essar-এর বড় শিল্প পরিকাঠামো রয়েছে। এবার আমেরিকার মিনেসোটা ও আইওয়াকে যুক্ত করে ইস্পাত ব্যবসায় আরও বড় আন্তর্জাতিক পরিসরে পা বাড়াচ্ছে গোষ্ঠীটি। Essar-এর প্রতিষ্ঠাতা রবি রুইয়া এবং মেসাবি মেটালিক্সের চেয়ারম্যান রেওয়ান্ত রুইয়া হোয়াইট হাউসের ঘোষণার সময় উপস্থিত ছিলেন। ফলে ১৮ বিলিয়ন ডলারের এই প্রকল্প শুধু একটি স্টিল কারখানা নয়, আমেরিকার মাটিতে ভারতীয় শিল্পগোষ্ঠীর অন্যতম বড় বিনিয়োগ হিসেবেও সামনে এসেছে।