বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে পালাবদলের পরেই তৃণমূল আমলের একাধিক নেতা, মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার সেই তালিকায় জুড়ল রাজ্য বিধানসভার প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) নাম। কলেজের জমিতে বাণিজ্যিক অডিটোরিয়াম নির্মাণ ও সেখান থেকে উপার্জিত টাকা আত্মসাতের অভিযোগে এবার রাজ্য প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের স্ক্যানারে উঠে এসেছেন তিনি।
যাবতীয় অভিযোগ অস্বীকার বিমানের | (Biman Banerjee)
অভিযোগ, হরিমোহন ঘোষ কলেজের জমিতে একটি অডিটোরিয়াম তৈরি করা হয়েছিল। পরবর্তীতে নিয়মবহির্ভূতভাবে সেই অডিটোরিয়াম নানা বাণিজ্যিক ও বেসরকারি অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হত। সেই টাকা কলেজের তহবিলে না গিয়ে নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ ক্যান্সারের বিরুদ্ধে থামল লড়াই! প্রয়াত প্রখ্যাত নিউজ অ্যাঙ্কর পাপিয়া সিংহ
সূত্র মারফত জানা গিয়েছে, বিমান ওই কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের সময় আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের প্রাথমিক যোগসূত্র পাওয়া যাওয়ায় তাঁর বিরুদ্ধে জেরা এবং তদন্ত প্রক্রিয়ায় গতি এসেছে। ইতিমধ্যেই এই নিয়ে স্থানীয় কাউন্সিলর রঞ্জিত শীলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এরপর অভিযোগের সাপেক্ষে আরও একাধিক গুরুত্বপূর্ণ প্রমাণ ও নথি মেলায় বিষয়টিকে আরও গভীরে খতিয়ে দেখা হচ্ছে।
হরিমোহন ঘোষ কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে বিমানের অনুমোদন কীভাবে দেওয়া হয়েছিল, এই বাণিজ্যিক কাঠামোর পিছনে কার কী ভূমিকা ছিল, সেটা ভালোভাবে খতিয়ে দেখবেন তদন্তকারীরা। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যের প্রাক্তন স্পিকার।

বিমান বলেন, “আমি এইসবের সঙ্গে যুক্ত নই। টিভিতে অভিযোগ দেখলাম। আমি এসবের কিছু জানি না। কমিউনিটি হল ভাড়া দেওয়া হত। তবে কীভাবে ভাড়া দেওয়া হয় আমার সঙ্গে তার যোগাযোগ নেই।“
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে গেরুয়া ঝড় উঠলেও বারুইপুর পশ্চিম আসন ধরে রেখেছেন বিমান। ভোটের ফলপ্রকাশের পর একের পর এক বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিলেও রাজ্যের প্রাক্তন স্পিকার এখনও তাঁর সঙ্গেই আছেন।













