বাংলা হান্ট ডেস্কঃ লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন আইনজীবীরা। তবে তার আগেই ব্যাঙ্কশাল আদালতে (Bankshall Court) আইনজীবীদের একাংশের উপর হামলার অভিযোগে গ্রেফতার বিজেপি (BJP) নেতা কুশল পান্ডে। এরপর সেই অভিযান প্রত্যাহার করা হল। বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
গ্রেফতার বিজেপি নেতা কুশল পান্ডে | (Bankshall Court)
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্বন্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগে ইউটিউবার দীপক ব্যাপারীকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাঁকে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে আসা হলে বিক্ষোভকারীরা তাঁকে ডিম ছুড়তে থাকেন। অভিযোগ, এর প্রতিবাদ করায় বিক্ষোভকারীরা কয়েকজন আইনজীবীকে মারধর করেন।
আগেই এই ঘটনায় দু’জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত কুশল অধরা ছিলেন। তাঁকে গ্রেফতারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছিলেন আইনজীবীরা। পাশাপাশি বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতের আইনজীবীরা লালবাজার অভিযানেরও ডাক দিয়েছিলেন।
তবে তার আগেই মূল অভিযুক্ত কুশল গ্রেফতার হওয়ায় সেই কর্মসূচি প্রত্যাহার করা হয়। এদিন ব্যাঙ্কশাল আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক রাজা সেনগুপ্ত জানান, ইতিমধ্যেই মূল অভিযুক্ত কুশল গ্রেফতার হওয়ায় লালবাজার অভিযান স্থগিত রাখা হচ্ছে। বৈঠকের পর পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে তা স্থির করা হবে।
এদিন আইনজীবীরা জানান, উকিলদের উপর হামলার ঘটনায় আরও অনেকে যুক্ত। সবে একজন গ্রেফতার হয়েছেন। বাকিদের ধরতে মূল অভিযুক্তকে পুলিশি হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

গতকাল গভীর রাতে কুশলকে গ্রেফতার করেছিল হেয়ার স্ট্রিট থানার পুলিশ। এদিন তাঁকে হেলমেট পরিয়ে আদালতে নিয়ে আসা হয়। তাঁর আইনজীবী না থাকায় বিচারক তাঁর সঙ্গে কথা বলেন। গোটা ঘটনার জন্য দুঃখপ্রকাশের পাশাপাশি ক্ষমাও চান ধৃত।
কুশল বলেন, “আইনজীবীদের সঙ্গে আমার কোনও রকম বিবাদ নেই। তাঁরা সেই সময় তাঁদের নির্দিষ্ট পোশাকে না থাকার কারণে ভুল বোঝাবুঝির জেরে এই ঘটনা ঘটেছে। আমার সম্পূর্ণ রাজনৈতিক জীবনে এমন কোনও দাগ নেই।“













