বাংলাহান্ট ডেস্ক: পুজো শুরু পরের সপ্তাহেই। বর্তমানে বাঙালি আনন্দে মাতোয়ারা। রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) আনন্দ এবার দ্বিগুন। কারণ মিলবে জোড়া উপহার। রাজ্য সরকারের পুজোর ছুটি পড়ছে ১৫ অক্টোবর থেকে। আর ওইদিন, অর্থাৎ পঞ্চমীতেই পুজোর মাসের অগ্রিম বেতনের সঙ্গে বর্ধিতহারে ২০ শতাংশ ডিএ (Dearness Allowance) দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের। উপকৃত হবেন কয়েক লক্ষ কর্মী-আধিকারিক।
ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি | Dearness Allowance
সরকারি কর্মচারীদের পুজো শুরুর আগেই মাসের বেতন-পেনশন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি মিলবে বর্ধিত ডিএ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল মালদার মানিকচকের সভা থেকে বলেন, ১৬ অক্টোবরের মধ্যেই ২০ শতাংশ ডিএ এবং বেতন পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। মুখ্যমন্ত্রী বলেন, “১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ ডিএ-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা।”
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই পুর-নগরোন্নয়ন সহ একাধিক দপ্তর এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, অগ্রিম বেতন দেওয়া হবে ১৫ অক্টোবর। মিলবে ২০ শতাংশ বাড়তি মহার্ঘ ভাতাও। উল্লেখ্য, আগেই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন এবার মোট ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা ও অগ্রিম বেতন পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।
১৬ অক্টোবর পড়েছে ষষ্ঠী। তার আগের দিন অর্থাৎ ১৫ অক্টোবর পঞ্চমীর দিনই রাজ্য সরকারি কর্মচারীরা নিজেদের ডিএ ও বেতন পেয়ে যাবেন। আসলে পুজোর সময় কেনাকাটা ও উৎসবের দিনগুলির কথা মাথায় রেখে কর্মীদের আর্থিক স্বস্তি দিতেই আগাম বেতন প্রদান করবে নবান্ন।

আরও পড়ুন: সাধারণ মানুষের করের টাকায় কেন পুজোর অনুদান? কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
উল্লেখ্য, বর্তমানে ৬০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। আর রাজ্য সরকারি কর্মীরা ১৮% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। চলতি মাস থেকে তার পরিমাণ অনেকটাই বাড়তে চলেছে। প্রথম পূর্ণাঙ্গ বাজেট থেকে রাজ্য সরকারি কর্মচারীদের ২০ শতাংশ হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল বিজেপি সরকার। যা ১ অক্টোবর থেকে কার্যকর হবে। পুজোর মাসে অগ্রিম বেতনের সঙ্গেই বর্ধিত হারে ২০ শতাংশ ডিএ মিলবে। সবমিলিয়ে ডিএ বেড়ে দাঁড়াচ্ছে ৩৮ শতাংশ।













