বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল আমলের পর বিজেপি আমলেও পুজোর অনুদানের (Durga Puja Donation) ধারা অব্যাহত। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের ছোট ও কম বাজেটের পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। এবার সেই অনুদান নিয়েই কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা। মামলাকারীর প্রশ্ন, সাধারণ মানুষের করের টাকায় কেন এই অনুদান দেওয়া হচ্ছে?
পুজোর অনুদান নিয়ে হাইকোর্টে মামলা | (Calcutta High Court)
মামলাকারীর দাবি, রাজ্যে পালাবদল হয়ে নতুন সরকার এলেও জনগণের করের টাকায় এভাবে অনুদান দেওয়া হচ্ছে। পুজোর অনুদান সম্পর্কিত বিষয়ে আদালতের পূর্ববর্তী নির্দেশও ঠিকমতো পালন করা হয়নি বলে অভিযোগ। কিন্তু তারপরেও কমিটিগুলিকে অনুদান দেওয়া অব্যাহত আছে।
আরও পড়ুনঃ SSC ২৬ হাজার নিয়োগে ফের জটিলতা! নতুন বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা
আদালতের সামনে এই বিষয়গুলি তুলে ধরে বিচারাধীন ওই মামলার দ্রুত শুনানির আবেদন জানান মামলাকারী। যদিও তাঁর সেই আবেদন গ্রহণ করেননি প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের ডিভিশন বেঞ্চ। শুক্রবার হাইকোর্ট জানায়, পুজোর ছুটির পরেই এই জনস্বার্থ মামলার শুনানি হবে।
এদিকে অনুদান নিয়ে মামলা হওয়া রাজ্যে একেবারেই নতুন নয়। রাজ্যের পূর্ববর্তী সরকারের আমলেও বহুবার এই নিয়ে মামলা হয়েছে। তবে অনুদানের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনও বদল আসেনি। পালাবদলের পর প্রথম দুর্গাপুজোয় ফের এই নিয়ে মামলা হল।

রাজ্যের দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া শুরু হয়েছে প্রায় ৯ বছর হতে চলল। তৃণমূল আমলে ২০১৮ সাল থেকে এই ধারা শুরু হয়েছিল। ধাপে ধাপে সেই অনুদান বাড়তে বাড়তে ১ লক্ষ ১০ হাজার টাকায় পৌঁছয়। গত বছর পুজো কমিটিগুলিকে এই পরিমাণ টাকাই দেওয়া হয়েছিল।
পালাবদলের পর প্রথম দুর্গাপুজোয় রাজ্যের ছোট ও কম বাজেটের পুজো কমিটিগুলিকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই নিয়েই কলকাতা হাইকোর্ট জনস্বার্থ মামলা দায়ের হল।












