মহালয়ার সন্ধ্যায় ইডেনে বিশেষ চমক! মায়ের আগমন থেকে গোটা অনুষ্ঠান লাইভ দেখবেন কীভাবে?

Published on:

Published on:

Know how to watch Mahalaya Eden Gardens Show live
Follow

বাংলা হান্ট ডেস্ক : মহালয়ার ভোরে পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনা। সেই আবহেই ইডেন গার্ডেন্সে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের (Mahalaya Eden Gardens Show) আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার। বাংলার ঐতিহ্য, লোকশিল্প ও আধুনিক প্রযুক্তিকে এক মঞ্চে তুলে ধরার পরিকল্পনা রয়েছে এই কর্মসূচিতে। রেড রোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শোভাযাত্রা দিয়ে শুরু হবে এদিনের অনুষ্ঠান।

কোথায় দেখা যাবে মহালয়ার ইডেন গার্ডেন্সের অনুষ্ঠান (Mahalaya Eden Gardens Show)?

শোভাযাত্রার সূচনা হওয়ার কথা শনিবার বিকেল ৪টের সময়। পরিকল্পনা অনুযায়ী, খোলা জিপে রেড রোড থেকে ইডেন গার্ডেন্সের দিকে এগোবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই যাত্রা কেবল আনুষ্ঠানিক শোভাযাত্রা নয়, বাংলার সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরারও একটি মঞ্চ। সেখানে রাজ্যের ২৩টি জেলার শিল্পীরা নিজেদের এলাকার পরিচিত লোকশিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য দর্শকদের সামনে তুলে ধরবেন।

শোভাযাত্রা দেখতে আগ্রহীদের জন্য রাস্তার দুপাশে দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করার সুযোগ থাকবে। তবে ভিড় ও নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের নির্দেশ মেনে চলতে হবে দর্শকদের। রেড রোডের কর্মসূচির পর নজর থাকবে ইডেন গার্ডেন্সের দিকে। নির্ধারিত সূচি অনুযায়ী, বিকেল ৫টা নাগাদ সেখানে শুরু হওয়ার কথা মূল অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশনার পাশাপাশি একাধিক বিশেষ আয়োজন থাকছে এই পর্বে।

ইডেনের মঞ্চে কারা থাকবেন, তা নিয়েও দর্শকদের মধ্যে আগ্রহ কম নয়। প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা শান, কৌশিকী চক্রবর্তী, অন্তরা মিত্র, লগ্নজিতা এবং সঙ্গীত পরিচালক শান্তনু মৈত্রের। লোকসঙ্গীতের দল দোহার ও দেবর্ষি ভট্টাচার্যের পরিবেশনাও এই আয়োজনের অংশ হতে পারে।

কয়েক হাজার ঢাকি একসঙ্গে ঢাক বাজাবেন বলে জানা যাচ্ছে। তাঁদের বাদনের সঙ্গে মিলবে শঙ্খধ্বনি। সবচেয়ে বেশি নজর কাড়তে পারে আকাশের প্রদর্শনী। প্রায় তিন হাজার ড্রোনের সাহায্যে আকাশে দেবী দুর্গার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার আয়োজন করা হয়েছে বলে খবর।ইডেন গার্ডেন্সের মূল অনুষ্ঠানে প্রবেশের জন্য আমন্ত্রণপত্র প্রয়োজন হবে। ফলে আমন্ত্রণপত্র ছাড়া স্টেডিয়ামের ভিতরে ঢুকে অনুষ্ঠান দেখার সুযোগ থাকবে না বলেই জানানো হয়েছে।‌ইডেনে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও অনুষ্ঠান দেখার সম্ভাবনা রয়েছে বাড়িতে বসে।

Know how to watch Mahalaya Eden Gardens Show live

আরও পড়ুন : অক্টোবরে আদৌ পাওয়া যাবে যুবশক্তির টাকা? বেকারভাতা নিয়ে বড় আপডেট জানুন

প্রাথমিক তথ্য অনুযায়ী, বিভিন্ন বেসরকারি সংবাদমাধ্যমের চ্যানেলে সরাসরি সম্প্রচার হতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখানো হতে পারে বলে জানা যাচ্ছে। তবে কোন চ্যানেল বা অনলাইন মাধ্যমে কখন সম্প্রচার হবে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মাধ্যমের আনুষ্ঠানিক ঘোষণা দেখে নেওয়া প্রয়োজন।