বাংলা হান্ট ডেস্ক : পুজোর ছুটিতে অনেকেই ঘুরতে যান। তার জন্য ভরসা করতে হয় দূরপাল্লার ট্রেনের ওপর। কিন্তু উৎসবের মরসুমে দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে (Adra Division) পরিষেবা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। রেলের পরিকাঠামো মেরামতি ও উন্নয়নের কাজের জন্য এক সপ্তাহ ধরে একাধিক ট্রেন চলবে না। কিছু ট্রেনের যাত্রাপথও কমিয়ে দেওয়া হচ্ছে। এমনকি এক্সপ্রেসের রুট বদলের পাশাপাশি অন্য ট্রেন দেরিতে চলার সম্ভাবনাও রয়েছে। ফলে পুজোর পরিকল্পনা করার আগে যাত্রীদের ট্রেনের খবর জেনে নেওয়া জরুরি।
আদ্রা ডিভিশনে (Adra Division) রেল পরিষেবায় পরিবর্তন
রেলের ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে রবিবার পর্যন্ত আদ্রা ডিভিশনে চলবে রোলিং ব্লক। এই সময়ের মধ্যে ৬৮০৪৬/৬৮০৪৫ নম্বরের আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার চলাচল করবে না। ৬৩৫৯৪/৬৩৫৯৩ নম্বরের আসানসোল-পুরুলিয়া- আসানসোল মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে ১৫ ও ১৭ অক্টোবর। অন্যদিকে, ৬৮০২৩/৬৮০২৪ নম্বরের ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু প্যাসেঞ্জারও সোমবার, ১৫ অক্টোবর ও ১৭ অক্টোবর পরিষেবা দেবে না।
কয়েকটি ট্রেনের ক্ষেত্রে পুরো যাত্রা বাতিল না করে নির্দিষ্ট স্টেশন পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬৮০৫৩/৬৮০৫৪ নম্বরের আদ্রা-বরাভূম-আদ্রা মেমু প্যাসেঞ্জার সোমবার, ১৫ ও ১৭ অক্টোবর পুরুলিয়া পর্যন্ত চলবে। পুরুলিয়া থেকেই ট্রেনটি ফিরে যাবে। ফলে ওই দিনগুলিতে পুরুলিয়া থেকে বরাভূম পর্যন্ত যাত্রীদের এই পরিষেবা পাওয়া যাবে না।
একই ধরনের পরিবর্তন করা হয়েছে ৬৮০৫৫/৬৮০৫৬ নম্বরের আসানসোল-টাটানগর-আসানসোল মেমু প্যাসেঞ্জারের ক্ষেত্রেও। সোমবার, ১৬ ও ১৭ অক্টোবর ট্রেনটি পুরুলিয়া পর্যন্ত চলাচল করবে। পুরুলিয়া-টাটানগর অংশে ওই দিনগুলিতে পরিষেবা বন্ধ থাকবে। পাশাপাশি ৬৮০৫৬/৬৮০৬০ নম্বরের টাটানগর-আসানসোল বরাভূম মেমু প্যাসেঞ্জার ১৫ ও ১৭ অক্টোবর আদ্রা পর্যন্ত যাবে। সেখান থেকেই শুরু হবে ফেরার যাত্রা। এই ব্যবস্থার কারণে আদ্রা-আসানসোল অংশে ট্রেনটি চলবে না।
লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার যাত্রীদের জন্যও রয়েছে পরিবর্তনের খবর। ১৫ অক্টোবর ১৮৬০১ নম্বরের টাটানগর-হাটিয়া এক্সপ্রেস চাণ্ডিল-পুরুলিয়া-কোটশিলা-মুড়ি পথে না গিয়ে চাণ্ডিল-গুন্ডা বিহার-মুড়ি রুটে চলবে। অন্যদিকে, ১৮১৮৪ নম্বরের বক্সার-টাটানগর এক্সপ্রেস সোমবার, ১৫ ও ১৭ অক্টোবর প্রয়োজন অনুযায়ী ৩০ থেকে ৪৫ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রণ করা হতে পারে।

আরও পড়ুন :পৌষমেলা হবে কি না, কাটল সংশয়! এবারও শান্তিনিকেতনে মেলার আয়োজন
এই সিদ্ধান্ত ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীদের একাংশ। তাঁদের বক্তব্য, পুজোর সময় বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করা হলেও আদ্রা ডিভিশনে উল্টে ট্রেন বাতিল করা হচ্ছে। এর ফলে জঙ্গলমহলের বাসিন্দাদের যাতায়াতে সমস্যা বাড়বে বলে আশঙ্কা তাঁদের। এই অঞ্চলের রেল যোগাযোগের অসুবিধা নিয়ে কর্তৃপক্ষ যথেষ্ট উদ্যোগী নয় বলেও অভিযোগ করেছেন তাঁরা।যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে রেল কর্তৃপক্ষও আগাম সতর্কবার্তা দিয়েছে। অতএব, পুজোর দিনগুলিতে আদ্রা ডিভিশনের আওতায় ট্রেনে যাতায়াতের পরিকল্পনা থাকলে যাত্রার আগে রেলের সর্বশেষ বিজ্ঞপ্তি দেখে নেওয়াই সবচেয়ে জরুরি।














