বাংলাহান্ট ডেস্ক: পুজোর আগেই জোড়া উপহার পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। অক্টোবরে মিলবে অগ্রিম বেতন। সাথে ২০ শতাংশ বর্ধিত ডিএ-ও মিলবে অগ্রিম। আবার চলতি বছরই ঘোষণা হয়েছে সরকারি কর্মীদের সপ্তম পে কমিশন নিয়ে (7th Pay Commission)। বর্তমান বাংলার সরকারি কর্মীদের মধ্যে (Government Employees) এই নিয়ে চর্চা তুঙ্গে।
নয়া পে কমিশন নিয়ে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর | 7th Pay Commission
প্রতিশ্রুতি মতো ক্ষমতায় এসেই রাজ্যে সপ্তম পে কমিশনের ঘোষণা করে দিয়েছে বিজেপি সরকার। নতুন বেতন কমিশন কার্যকর করার লক্ষ্যে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপও। কবে থেকে কার্যকরীম হবে নয়া বেতন কমিশন? সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ডিএ সহ নয়া পে কমিশন নিয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুজোর আগেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ২০ শতাংশ ডিএ ঢুকবে। পঞ্চমীতেই সরকারি কর্মীরা অক্টোবর মাসের অগ্রিম বেতন পাবেন বলেও জানিয়ে দিয়েছেন তিনি। এরপরই সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশন নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘সিনিয়র আইএএস নবীন প্রকাশের নেতৃত্বে আমরা ক্ষমতা এসেই সপ্তম পে কমিশন তৈরি করে দিয়েছি। এবার চালু করার অপেক্ষা শুধু।’

তিনি বলেন, ‘গোটা দেশে বাংলা ছাড়া সব রাজ্যেই সপ্তম পে কমিশন চালু রয়েছে। টাকাও পেয়ে গিয়েছে সকলে। মোদিজির নেতৃত্বে কেন্দ্রে অষ্টম পে কমিশন তৈরি হয়েছে। যাতে এরিয়ার দিতে না হয়।’ উল্লেখ্য রাজ্যে বর্তমানে চালু ষষ্ঠ পে কমিশন বা রোপা ২০১৯-এর মেয়াদ শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর ২০২৫। হিসেব মত ১ জানুয়ারি ২০২৬ থেকেই সপ্তম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা। বাঁধাধরা নিয়ম না থাকলেও কেন্দ্র ও রাজ্যে সাধারণত দশ বছর অন্তর পে কমিশন গঠন করা হয়।
আরও পড়ুন: পুজোর আগে বুধবার থেকে শুরু হবে বৃষ্টি, কলকাতা নিয়েও পূর্বাভাস জানাল আবহাওয়া দপ্তর
মুখ্যমন্ত্রী এদিন প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমরা সপ্তম পে কমিশনের রিপোর্ট পেলেই, দ্রুত কার্যকর করব। এ নিয়ে আর দুশ্চিন্তা করবেন না। এমনকী কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএ-র তফাৎ খুব শিগগিরই মিটিয়ে দেওয়া হবে।’ মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর রাজ্যে সপ্তম পে কমিশন চালু করার আগেই ফের একবার সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে, বলে জল্পনা তৈরি হয়েছে।














