বাংলাহান্ট ডেস্ক: পুজো শুরু। রোদ ঝলমলে আকাশ। বৃষ্টি একেবারেই নেই। তবে সাগরে রয়েছে নিম্নচাপের সম্ভাবনা। বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যদিও তার থেকে ঘূর্ণিঝড় বা দুর্যোগের আশঙ্কার কথা জানায়নি আবহাওয়া দপ্তর। উত্তর থেকে দক্ষিণ (South Bengal Weather) আপাতত গোটা পুজো নির্বিঘ্নে কাটবে বলেই পূর্বাভাস আবহাওয়া অফিসের।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর | South Bengal Weather
সাগরে থাকা নিম্নচাপের জেরে আগামিকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আপাতত বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। সপ্তমী ও অষ্টমীর দিন উপকূলবর্তী জেলাগুলির দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে না কোথাও।
আগামীকাল বুধবার খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে। বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাসই রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। এদিকে সপ্তমী অষ্টমী বৃষ্টি হলেও নবমী থেকে আরও বদল আসবে আবহাওয়ায়।
নবমী একাদশী পর্যন্ত রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পুজো শেষের দিনগুলিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই চলে। অধিকাংশ জায়গাতেই আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গের তাপমাত্রাতেও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। মোটের ওপর একই রকম থাকবে আবহাওয়া।

আরও পড়ুন: পুজোর মাসে অন্নপূর্ণা যোজনা থেকে বাদ বহু উপভোক্তা! অক্টোবরের টাকা ছাড়ার আগে আপডেট জেনে নিন
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর | North Bengal Weather Update
উত্তরবঙ্গেও দুর্যোগের সম্ভাবনা নেই। রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত অধিকাংশ জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। শুক্র এবং শনিবার দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সেভাবে ভিজবে না কোনো জেলাই। সপ্তাহান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তবে পুজোর মধ্যে দুর্যোগের সম্ভাবনা আপাতত নেই উত্তরবঙ্গেও। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রাও ধীরে ধীরে কমার পূর্বাভাস।














