Durga Puja 2026 Live Updates

পুজোর ছুটির আগে স্কুলে মহাভোজ! মিড ডে মিলে ফ্রাইড রাইস, মাংস পেয়ে খুশিতে আত্মহারা খুদেরা

Published on:

Published on:

Children delighted to get fried rice and meat in their mid-day meal
Follow

বাংলা হান্ট ডেস্ক : প্রতিদিনের মতো ক্লাসে হাজির হয়েছিল পড়ুয়ারা। তবে পুজোর ছুটির আগে বুধবার তাদের জন্য অপেক্ষা করছিল স্পেশাল মিড ডে মিল (Mid Day Meal)। দুপুরের খাবারে এদিন আর পরিচিত মিড ডে মিল নয়, বরং পরিবেশন করা হল ফ্রাইড রাইস, মাংস, চাটনি ও পাপড়। এমন মেনু দেখে স্বাভাবিকভাবেই আনন্দে মেতে ওঠে খুদে পড়ুয়ারা। তাদের কারও হাতে খাবার তুলে দিচ্ছেন শিক্ষক, আবার কারও দিকে নজর রাখছেন শিক্ষিকারা। উৎসবের মরশুমে শিশুদের মুখে হাসি ফোটাতে বিদ্যালয়ের এই উদ্যোগ নজর কেড়েছে।

পুজোর আগে স্কুলের তরফে স্পেশাল মিড ডে মিল (Mid Day Meal)

ঘটনাটি জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির গড়খুট্টা ৩ নম্বর বিএফপি স্কুলের। সাকোয়াঝোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোঁসাইরহাটের ঝালটিয়ারহাট সংলগ্ন এই প্রাথমিক বিদ্যালয়ে পুজোর ছুটি শুরুর আগে বিশেষ খাবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘শারদীয়ার স্নেহের আহার’। বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক পড়ুয়াকে এই বিশেষ ভোজে সামিল করা হয়।

সামনেই শারদোৎসব। রাজ্যের সর্বত্র যখন পুজোকে ঘিরে নানা আয়োজন চলছে, তখন স্কুলের শিশুদেরও সেই আনন্দের অংশ করে নেওয়ার পরিকল্পনা করেন শিক্ষক-শিক্ষিকারা। সেই ভাবনা থেকেই সাধারণ দিনের খাবারের পরিবর্তে একদিনের জন্য বিশেষ মেনুর ব্যবস্থা। খাবার পরিবেশনের দায়িত্বও নিজেদের হাতে তুলে নেন তাঁরা। ফলে খাওয়াদাওয়ার পাশাপাশি শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে পড়ুয়াদের আন্তরিক মুহূর্তও তৈরি হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবতোষ চ্যাটার্জী জানান, শারদীয়ার আগে পড়ুয়াদের শুভেচ্ছা জানাতেই এই আয়োজন। প্রায় দুই শতাধিক শিশুর পছন্দের খাবারের ব্যবস্থা করা হয়েছে। তাদের মুখে হাসি ফোটানোই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

Children delighted to get fried rice and meat in their mid-day meal

আরও পড়ুন : ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান আছে? আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি? আবহাওয়ার খবর

স্কুলের এই আয়োজনকে ঘিরে পড়ুয়াদের মধ্যে যেমন উৎসাহ দেখা গিয়েছে, তেমনই খুশি অভিভাবকরাও। তাঁদের কাছে এমন উদ্যোগ নিছক একবেলার বিশেষ খাবার নয়, বরং সন্তানদের প্রতি বিদ্যালয়ের যত্ন ও আন্তরিকতার প্রকাশ। শিশুদের কাছে উৎসবের আনন্দ অনেক সময় ছোট ছোট মুহূর্তেই ধরা দেয়। পুজোর আগে প্রিয় খাবার খাওয়ার সুযোগ আর প্রিয় শিক্ষকদের স্নেহ—এই দুইয়ের মেলবন্ধনে ধূপগুড়ির স্কুলে তৈরি হল এক বিশেষ দিনের স্মৃতি।