Durga Puja 2026 Live Updates

আর চিন্তা নেই! মাত্র ৫ টাকা দিলেই মিলছে ‘অন্নপূর্ণা যোজনা’, পুজোর বাজারে এই কেসটা কী?

Published on:

Published on:

annapurna yojana(120)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ অক্টোবর মাসের অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে চর্চা তুঙ্গে। পুজোর মাসে কবে অ্যাকাউন্ট ক্রেডিট হবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজ্যের মহিলাদের মধ্যে। এরই মধ্যে শোনা যাচ্ছে মাত্র ৫ টাকায় মিলছে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)। রাজ্যে পালাবদলের পর থেকেই এই প্রকল্পের আওতায় ৩০০০ টাকা করে ভাতা দিচ্ছে বিজেপি সরকার। তাহলে ৫ টাকার কেসটা কী?

৫ টাকায় ‘অন্নপূর্ণা যোজনা’র প্যাকেটের চাহিদা তুঙ্গে | Annapurna Yojana

পুজোর বাজারে মাত্র ৫ টাকার বিনিময়ে মিলছে ‘অন্নপূর্ণা যোজনা’। হ্যাঁ ঠিক শুনেছেন। মাত্র পাঁচ টাকা দোকানদারের হাতে তুলে দিলেই, ‘অন্নপূর্ণা যোজনা’ পেয়ে যাবেন ক্রেতারা। তবে শুধুমাত্র দুর্গাপুরের পুজোমণ্ডপ চত্বরে। আসলে সরকারি প্রকল্পের নামের সঙ্গে মিল রেখে সেখানে বিক্রি হচ্ছে চিপসের প্যাকেট। যার নামই ‘অন্নপূর্ণা যোজনা’।

মাত্র ৫ টাকার এই চিপসকে ঘিরে এখন জনপ্রিয়তা তুঙ্গে। পুজোর বাজারে খুদেদের মূল আকর্ষণ এই চিপস। দুর্গাপুরের মার্কনী দক্ষিণ পল্লীর দুর্গাপুজো মণ্ডপের সামনেই এক মহিলা এই অন্নপূর্ণা যোজনা চিপস (Annapurna Yojana Chips) বিক্রি করছেন। আর তা কিনতে বিশেষ করে ভিড় জমাচ্ছেন খুদে ক্রেতারা। যদিও এর সাথে সরকারি প্রকল্পের কোনো যোগসূত্র নেই। মজার ছলেই এই নাম রাখা হয়েছে।

চিপস বিক্রেতা মহিলার কথায়, এই চিপসের বিক্রি বেশ ভালোই হচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে এর চাহিদা বেশি। বেশ জনপ্রিয় হয়ে উঠছে এই চিপস। বলা যায় পুজোর মণ্ডপে বাড়তি আকর্ষণ। বিক্রিও ভালোই হচ্ছে বলে জানান তিনি। এই বিষয়ে বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল সংবাদমাধ্যমে জানান, সরকারি প্রকল্পের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

আরও পড়ুন: ‘কেন্দ্রের সঙ্গে রাজ্যের DA-এর তফাৎ আমরাই কমানোর..,’ মহার্ঘ ভাতা নিয়ে ‘সুখবর’ দিলেন মুখ্যমন্ত্রী

তবে তিনি আরও বলেন, “এই চিপসের প্যাকেট দেখে আমরাও বেশ মজা পেয়েছি। কারণ খুদেদের মধ্যে চাহিদা পাচ্ছে এই চিপস। কিন্তু সরকারি প্রকল্পের নাম অন্নপূর্ণা যোজনা না থাকলে হয়তো এই চিপসের প্যাকেটের এত চাহিদাও থাকত না।” সবমিলিয়ে দুর্গাপুরের মার্কনী দক্ষিণ পল্লীর দুর্গাপুজো মণ্ডপের সামনের এই চিপস সকলের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। মহিলাদের আর্থিকভাবে সাবলম্বী করে তুলতে রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের নামের সঙ্গে সামঞ্জস্য থাকায় চিপস বিক্রেতা মহিলারও কেনাবেচা ভালোই হচ্ছে।