বাংলা হান্ট ডেস্কঃ পুজো শেষ হতেই রাজ্যের রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর। বিজয়া দশমীর দিন বিজেপির আসন সংখ্যা এবং বিরোধী শিবিরের বিধায়কদের নিয়ে বড় দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, বিধানসভায় ফ্লোর টেস্ট হলে বিজেপি ২০৯ জনের বদলে ২৭৫ জনের সমর্থন পাবে। এর জন্য বিরোধী শিবিরের ৬৪ জন বিধায়কও হাত তুলবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই সিপিএম মামলা করার হুঁশিয়ারি দিয়েছে। পাল্টা আক্রমণ করেছে তৃণমূলের কালীঘাট শিবিরও।
কী বললেন শুভেন্দু (Suvendu Adhikari)? কেন শুরু হল বিতর্ক?
বুধবার বরানগরে গিয়ে বামেদের বুকস্টল নিয়ে কথা বলার সময় বিরোধীদের নিশানা করেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তিনি বলেন, এক টক শোয়ে একজন দাবি করেছিলেন, বিজেপি ১৫০টি আসনে লড়ছে। কিন্তু এখন বিজেপির আসন সংখ্যা ২০৯ হয়ে গিয়েছে। তাঁর দাবি, বিধানসভায় ফ্লোর টেস্ট হলে ২৭৫ জন সমর্থন জানাবেন। কীভাবে ২০৯ থেকে সংখ্যাটা ২৭৫ হবে, তার ব্যাখ্যাও দিয়েছেন শুভেন্দু। তাঁর কথায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের ৬৪ জন বিধায়ক বিজেপির পক্ষে হাত তোলার জন্য বসে আছেন। তাঁর এই মন্তব্য ঘিরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে।
তৃণমূলে ভাঙনের পর থেকেই অভিযোগ উঠছিল, বিরোধী শিবিরের বিধায়কেরা বিজেপির দিকে যেতে পারেন। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির এই অভিযোগ মানেনি। তাদের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতবিরোধের কারণেই তাঁরা তৃণমূল ছেড়েছেন। তাঁরাই আসল তৃণমূল বলেও দাবি করেছিলেন। সেই সঙ্গে তাঁদের শিবিরে ৬৫ জন বিধায়ক রয়েছেন বলেও জানানো হয়েছিল।
শুভেন্দুর (Suvendu Adhikari) এই মন্তব্যের পর সিপিএম নেতা শতরূপ ঘোষ ঋতব্রতদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর দাবি, সিপিএম প্রথম থেকেই বলে আসছিল, ওই বিরোধী শিবির বিজেপির কথামতো চলছে। এবার মুখ্যমন্ত্রীর মন্তব্যকে মামলায় প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে। এতে তাঁদের সুবিধা হবে বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, মুখ্যমন্ত্রীর মন্তব্যের ব্যাখ্যা দিতে চাননি ঋতব্রত শিবিরের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান। তাঁর বক্তব্য, শুভেন্দু কেন এমন কথা বলেছেন, তা তিনিই বলতে পারবেন। তাঁদের সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। নিজেদের দায়বদ্ধতা থেকেই তাঁরা কালীঘাটের শিবির ছেড়েছেন বলে দাবি করেছেন আখরুজ্জামান।
এদিকে, ঋতব্রতদের শিবিরকে ‘বিজেপির দালাল’ বলে আক্রমণ করেছেন তৃণমূলের কালীঘাট শিবিরের বিধায়ক কুণাল ঘোষ। তাঁর দাবি, ওই বিধায়কেরা বিজেপির বিরোধী ভোটে জিতলেও এখন বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছেন। সেই কারণেই মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) তাঁদের নিয়ে এমন মন্তব্য করেছেন বলে দাবি কুণালের।

আরও পড়ুনঃ দশমীর সন্ধ্যায় রক্তাক্ত মালদা! বাড়িতে ঢুকে বিজেপি কর্মীকে কুপিয়ে, গুলি করে খুনের অভিযোগ
এর আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ওই শিবিরের নেতাদের ফিরে আসার শেষ সুযোগ দেওয়ার কথা বলেছিলেন। এই প্রসঙ্গ টেনে কুণাল ঘোষ মুখ্যমন্ত্রীকে (Suvendu Adhikari) পাল্টা চ্যালেঞ্জ জানিয়েছেন। তাঁর দাবি, বিধানসভায় সিক্রেট ব্যালটের মাধ্যমে ফ্লোর টেস্ট করা হোক। তাতেই মুখ্যমন্ত্রীর ফ্লোর টেস্ট করার ইচ্ছা মিটে যাবে বলে কটাক্ষ করেছেন তিনি।














