বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) একের পর এক কিস্তি দিলেও নতুন আবেদন আপাতত বন্ধ রেখেছে রাজ্য সরকার। ফলে বহু যোগ্য মহিলা ফের আবেদন শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন। তাঁদের প্রশ্ন, ফের কবে শুরু হবে এই প্রকল্পের (Government Scheme) ফর্ম ফিল আপ। এবার এই নিয়ে সামনে এল বড় আপডেট।
অন্নপূর্ণা যোজনায় নতুন আবেদনের সুযোগ | (Annapurna Yojana)
দুর্গাপুজোর চতুর্থী ও পঞ্চমীর দিন রাজ্যের ১ কোটি ৬০ লক্ষের বেশি যোগ্য মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠিয়েছে রাজ্য। অক্টোবরে নতুন করে আরও ৮ লক্ষ মহিলার নাম এই প্রকল্পে যুক্ত হয়েছে। পাশাপাশি নবান্ন সূত্রে খবর, এখনও এই প্রকল্পে ১৫ লক্ষের বেশি আবেদন জমা পড়ে রয়েছে। সেগুলিও দ্রুত খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ রায়গঞ্জে এইমস তৈরিতে বড় পদক্ষেপ! মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই কেন্দ্রকে চিঠি নবান্নর
এই আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে অন্নপূর্ণা যোজনায় ফের নতুন করে আবেদন শুরু হতে পারে। সাধারণ মানুষকে সহায়তা প্রদানের লক্ষ্যে এই সময় রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে এই প্রকল্পে আবেদন জানানো যাবে।
এদিকে অন্নপূর্ণা যোজনার পোর্টাল বন্ধ থাকার কারণে যারা এখন এই প্রকল্পে আবেদন করতে পারছেন না, তাঁরা আগামী নভেম্বর, ডিসেম্বর মাস নাগাদ ফর্ম ফিল আপের সুযোগ পাবেন। যদিও জনকল্যাণ শিবির বা অন্নপূর্ণা যোজনায় আবেদন শুরুর দিনক্ষণ সম্বন্ধে এখনও কোনও বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়নি। সরকারি বিজ্ঞপ্তি সামনে এলেই এই বিষয়ে স্পষ্ট জানা যাবে।

গত জুন মাস থেকে অন্নপূর্ণা যোজনার আবেদন ও টাকা দেওয়া দুই-ই শুরু করেছিল রাজ্য সরকার। বর্তমানে এই প্রকল্পের অনলাইন ও অফলাইন আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আগামী নভেম্বর, ডিসেম্বর মাসে অফলাইনের পাশাপাশি অনলাইন পোর্টালের মাধ্যমেও অন্নপূর্ণা যোজনায় আবেদনের সুযোগ মিলতে পারে বলে মনে করা হচ্ছে।












