বাংলাহান্ট ডেস্ক: রাশিয়া (Russia) ও ইউক্রেনের (Ukraine) মধ্যে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে এ বার আরও সক্রিয় ভূমিকা নিতে চলেছে ভারত (India)। এত দিন দু’পক্ষকে আলোচনার টেবিলে বসার বার্তা দিয়ে এসেছে নয়াদিল্লি। এ বার যুদ্ধের উত্তেজনা কমাতে নির্দিষ্ট তিন দফা প্রস্তাব নিয়ে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। খাদ্য সরবরাহ, জ্বালানি পরিকাঠামো এবং সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার উপরে জোর দিচ্ছে ভারত। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য পরিবহণ স্বাভাবিক করতে ভারতের মধ্যস্থতায়ও আপত্তি নেই তাঁর।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে এবার আরও সক্রিয় ভূমিকা নিতে চলেছে ভারত (India):
আগামী মঙ্গলবার ও বুধবার সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে রাশিয়া, ইউক্রেন ও আমেরিকার প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা হওয়ার কথা। তার আগেই দু’দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছে দিল্লি। সোমবার জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন মোদী। অন্য দিকে, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে আলোচনা করেন ভারতের (India) বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জয়শঙ্কর জানিয়েছেন, দু’দেশের বিদেশমন্ত্রীর কথায় ইউক্রেন সংঘাত এবং যুদ্ধ থামানোর জন্য চলা বিভিন্ন কূটনৈতিক উদ্যোগের প্রসঙ্গ উঠে এসেছে।
আরও পড়ুন: নিজের বাড়িতেই গুলিবিদ্ধ! মর্মান্তিক মৃত্যু পাক সংবাদ সঞ্চালকের, আটক স্বামী
ভারতের প্রস্তাবে মূলত তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রফতানির পথ খুলে দেওয়া। দ্বিতীয়ত, ইউক্রেনের জ্বালানি পরিকাঠামোয় হামলা বন্ধ করা। তৃতীয়ত, রণাঙ্গনে একে অপরের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলার তীব্রতা কমানো। পাশাপাশি খাদ্যশস্য, সার-সহ বিভিন্ন পণ্যবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার কথাও বলেছে নয়াদিল্লি। জেলেনস্কির দাবি, রাশিয়ার বাধায় কৃষ্ণসাগর দিয়ে পণ্য পরিবহণ ব্যাহত হচ্ছে। ভারতের উদ্যোগে এই সমস্যা মিটতে পারে বলে আশাবাদী তিনি।
আন্তর্জাতিক খাদ্য সরবরাহের ক্ষেত্রে কৃষ্ণসাগরের গুরুত্ব অপরিসীম। ইউক্রেনের ওডেসা, চর্নোমর্স্ক ও পিভদেনি বন্দরের মাধ্যমে বিপুল পরিমাণ কৃষিপণ্য বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছয়। কিন্তু যুদ্ধের কারণে বন্দরগুলিতে হামলা এবং জাহাজ চলাচলে বাধা তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে বিশ্ববাজারে। বিশেষ করে আফ্রিকা, পশ্চিম এশিয়া ও এশিয়ার একাধিক দেশ খাদ্যসঙ্কটের আশঙ্কায় রয়েছে। পাশাপাশি জ্বালানি ও সারের সরবরাহ ব্যাহত হওয়ায় উন্নয়নশীল দেশগুলিও সমস্যায় পড়ছে।

আরও পড়ুন:ট্রেনে ‘এই’ জিনিস নিয়ে উঠলেই ৩ বছরের নিশ্চিত জেল! রেলের এই নিয়ম জানতেন?
ভারতের (India) এই উদ্যোগের পিছনে আন্তর্জাতিক বাণিজ্য ও গ্লোবাল সাউথের দেশগুলির স্বার্থও জড়িয়ে রয়েছে। যুদ্ধের জেরে বাণিজ্যিক জাহাজে থাকা ভারতীয় নাবিকদের মৃত্যু ও আহত হওয়ার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। এর আগে একাধিকবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ থামিয়ে আলোচনার পথে হাঁটার বার্তা দিয়েছেন মোদী। ভারতের বরাবরের অবস্থান, সামরিক সংঘাত নয়, কূটনীতিই সমস্যার সমাধানের পথ। তবে দিল্লির প্রস্তাবে মস্কো কতটা সাড়া দেয়, এখন সেটাই দেখার। আবু ধাবির শান্তি বৈঠকের আগে ভারতের এই উদ্যোগ তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ।












