‘তথ্য লুকিয়েছেন..’, মমতার বিরুদ্ধে বড় অভিযোগ মুখ্যমন্ত্রীর, কী বললেন?

Published on:

Published on:

CM Suvendu Adhikari has big allegation against Mamata Banerjee

বাংলা হান্ট ডেস্ক : নন্দীগ্রামের শহিদ স্মরণ মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) একাধিক মন্তব্যে চর্চা শুরু রাজনৈতিক মহলে। ১০ নভেম্বরের ঐতিহাসিক ভূমি আন্দোলনের স্মৃতিতে আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়ে তিনি শুধু শহিদদের প্রতি শ্রদ্ধা জানাননি, রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধেও আক্রমণাত্মক অবস্থান নেন। সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে মমতা বন্দ্যোপাধ্যায়ের হলফনামা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে অশান্তি এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের গ্রেফতারি সহ একাধিক বিষয়ে মুখ খোলেন তিনি।

কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)?

অভিষেকের জন্মদিন পালনকে কেন্দ্র করে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে সরাসরি নাম না করেই তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কটাক্ষ করেন শুভেন্দু। তাঁর দাবি, নিজেদের এলাকার বাইরে রাজনৈতিক কর্মসূচি করার মতো পরিস্থিতি তাঁদের নেই। সেই কারণেই পাড়ার মধ্যে অশান্তির ঘটনা ঘটছে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য, “ওনারা দুজন পাড়া থেকে বেরোতে পারছেন না। তাই পাড়ার মধ্যেই এসব অশান্তি করছেন।”

CM Suvendu Adhikari has big allegation against Mamata Banerjee

এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী হলফনামা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, হলফনামায় প্রয়োজনীয় তথ্য না দেওয়ার বিষয়টি নিয়মবিরুদ্ধ। শুধু প্রাক্তন মুখ্যমন্ত্রীকেই নয়, ওই নথি যাচাই করে অনুমোদন দেওয়া আধিকারিকের ভূমিকাও খতিয়ে দেখার ইঙ্গিত দেন শুভেন্দু। তিনি বলেন, “উনি অনেক তথ্য গোপন করেছেন। হলফনামায় তথ্য গোপন করেছেন। নিয়ম অনুযায়ী হলফনামায় তথ্য গোপন করা যায় না। যে অফিসার সেই হলফনামা পাশ করেছেন তাঁকে গ্রেফতার করা হবে।”

আরও পড়ুন : দিঘা-মন্দারমণি ছেড়ে মেদিনীপুরে আরও নতুন সমুদ্র পর্যটনকেন্দ্র! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

এদিকে, ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের গ্রেফতারি নিয়েও নিজের বক্তব্য জানান শুভেন্দু। তাঁর অভিযোগ, “পরেশ রাম দাস ওখানকার বড় গুন্ডা। সে আদতে জমি মাফিয়া। সরকারি জমি দখল করে বৃদ্ধাশ্রম তৈরি করেছে। তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে নির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার ভিত্তিতেই পুলিশ বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করেছে।”

শুধু সাংবাদিকদের সামনে নয়, নন্দীগ্রামের সভামঞ্চ থেকেও রাজনৈতিক আক্রমণ জারি রাখেন মুখ্যমন্ত্রী। ভূমি আন্দোলনের শহিদদের স্মরণ করার পর তৃণমূল ও বামেদের ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করেন তিনি। নিজের আগের বক্তব্যের প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, “গত বছর বলেছিলাম, ২০২৬ সালে আমি আসব, কিন্তু চোর তৃণমূলকে পাবেন না। দেখুন সেই কথা মিলেছে কিনা। আজ বলছি, আগামী ১০০ বছরে TMC আসবে না। ওদের নাম ও নিশান দুটোই মিটে গিয়েছে।” ফলে এবারের ১০ নভেম্বরের কর্মসূচি ঘিরে রাজনৈতিক বার্তাই হয়ে উঠল প্রধান আলোচনার বিষয়।