ফের দলের সংখ্যা বাড়ছে আইপিএলে! জানুন কোন কোন শহর পাচ্ছে নতুন দলের উপহার

Published on:

Published on:

BCCI has strict guidelines for teams in IPL 2026.

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফের আইপিএলের (Indian Premier League) মঞ্চে আসতে চলেছে বড় চমক। দলের সংখ্যা বাড়তে পারে মিলিয়ন ডলার লিগে। ২০২২ সালে শেষবার লখনউ আর গুজরাট থেকে দুটি দল যোগ দিয়েছিল এই টুর্নামেন্টে। তারপর থেকে আর নতুন কোনও দল দেখা যায়নি ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগে। কিন্তু সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী ২০২৮ সালের আইপিএল (IPL 2028) থেকে আরও দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যোগ হতে পারে। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সেই নিয়ে ভাবনাচিন্তাও আরম্ভ করে দিয়েছে।

সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, দল সংখ্যা বাড়ার এই আলোচনা এখনও একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে। যেহেতু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তাই প্রাথমিক আলোচনা যে দুটি শহরকে নিয়ে হয়েছে নামও বদলাতে পারে। কিন্তু এই প্রস্তাব যদি বাস্তব হয়, তাহলে তা মিলে যাবে আইপিএলের পরের মিডিয়া রাইটস সাইকেলের সঙ্গে, যা ২০২৮ থেকে ২০৩২ সাল পর্যন্ত চলবে, তাতেই এই দুটি নতুন টিমকে মাঠে দেখতে পারে ক্রিকেটপ্রেমীরা।

এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী যে দুটি শহরের নতুন দল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই শহর দুটি হলো পুনে ও বরোদা। আর এই দুই নতুন দলের দামও হতে চলেছে মারাত্মক। শোনা যাচ্ছে এক একটি নতুন ফ্র্যাঞ্চাইজির দাম হতে পারে ১ বিলিয়ন ডলারেরও বেশি। তবে গোটা বিশ্বে আইপিএলের জনপ্রিয়তা দেখলে বিষয়টি একেবারেই অবাক হওয়ার মতো নয়।

আরও পড়ুন: নতুন বিশ্বরেকর্ড রোহিত শর্মার! প্রথম ক্রিকেটার হিসেবে গড়লেন এই অভিনব কীর্তি

পুনে নতুন দল পেলে তা আইপিএলের মঞ্চে নতুন কোনও ব্যাপার নয়। এর আগে দুই বার পুনের দল মিলিয়ন ডলার লিগে অংশগ্রহণ করেছে। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ছিল সাহারা গ্রূপের মালিকানাধীন পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া। বিসিসিআইয়ের সঙ্গে আর্থিক ঝামেলার কারণে তারা পরবর্তীতে দল তুলে নেয়। তার ঠিক তিন বছর পর ২০১৬ সালে এসেছিল আরপিএসজি গ্রূপের দল রাইজিং পুনে সুপারজায়ান্ট। ২০১৭ সালে তারা ফাইনালেও উঠেছিল। কিন্তু ২০১৮ সাল থেকে দলটি বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: টেস্ট সিরিজ শুরুর আগে বিশাল স্বস্তিতে গম্ভীর! খুশির খবর পেলো ভারতীয় দল

তবে বরোদা একদম নতুন শহর হিসেবে আত্মপ্রকাশ করতে পারে আইপিএলে। গুজরাট টাইটান্সের হোম গ্রাউন্ড আমেদাবাদ থেকে মাত্র ১১০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহর থেকে একাধিক তারকা ক্রিকেটার উপহার পেয়েছে ভারত। গুজরাট টাইটান্সের পর গুজরাটের দ্বিতীয় আইপিএল দল হতে পারে বরোদার দলটি।