বেআইনিভাবে বুজিয়ে দেওয়া হয়েছিল আস্ত পুকুর! হাইকোর্টের নির্দেশে পুনরুদ্ধার করল পুরসভা

Published on:

Published on:

illegally encroached pond recovered on Calcutta High Courts order

বাংলা হান্ট ডেস্ক : কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) হস্তক্ষেপে অবশেষে রক্ষা পেল বহরমপুরের একটি জলাশয়। বছরের পর বছর ধরে মাটি ফেলে বুজিয়ে দেওয়া হয়েছিল প্রায় ১.৩৪ একর জমির উপর থাকা পুকুরটি। বিষয়টি আদালত পর্যন্ত গড়ানোর পর জলাশয়টি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই দীর্ঘদিনের আইনি জট কাটিয়ে পুকুরটিকে নতুন করে খনন করে পুরনো চেহারায় ফেরাল বহরমপুর পুরসভা।

হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে বাঁচল জলাশয়

জলাশয় পুনরুদ্ধারের কাজে সরকারি কোষাগার থেকে যে অর্থ খরচ হয়েছে, তা জমির মালিকের কাছ থেকে আদায়ের উদ্যোগও শুরু হয়েছে। বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের আশপাশের এই জলাশয়কে ঘিরে বিতর্কের সূত্রপাত প্রায় ছয়-সাত বছর আগে। অভিযোগ, পুকুরের মাত্র চার শতক অংশ ব্যবহারের অনুমতি ছিল জমির মালিকের, সেই সীমা অতিক্রম করে গোটা জলাশয়টিই মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। বিষয়টি নিয়ে আইনি লড়াই শুরু হয়। পরবর্তীতে ২০২৪ সালে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর এবং বহরমপুর পুরসভার আধিকারিকরা সরেজমিনে তদন্ত করেন। তাঁদের জমা দেওয়া পরিদর্শন রিপোর্টেও পুকুর বুজিয়ে দেওয়ার অভিযোগের সত্যতা উঠে আসে।

illegally encroached pond recovered on Calcutta High Courts order

এরপর জলাশয়টি ফেরানোর কাজ শুরু হলেও নির্ধারিত সময়ে তা শেষ হয়নি। ফলে মামলাকারী আবারও কলকাতা হাইকোর্টের শরণাপন্ন হন। তাঁর আবেদনের ভিত্তিতে চলতি বছরের ৩১ অগস্ট সিঙ্গল বেঞ্চ দ্রুত পুকুরটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছিল। তবে সেখানেও স্বস্তি মেলেনি। সিঙ্গল বেঞ্চের সিদ্ধান্তই বহাল রাখে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন : সপ্তম বেতন কমিশন চালু হলে কত হবে বেতন? গ্রুপ C ও D কর্মীদের জন্য রইল পুরো হিসাব!

আদালতের নির্দেশ কার্যকর করতে এরপর প্রশাসনিক তৎপরতা শুরু হয়। বিএলআরও দপ্তর ও পুলিশের সহযোগিতা নিয়ে পুকুর পুনরুদ্ধারের কাজে নামে বহরমপুর পুরসভা। প্রায় দু’মাস ধরে চলে খনন এবং সংস্কারের কাজ। গত ৭ নভেম্বরের মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়। বৃহস্পতিবার আদালতে চূড়ান্ত রিপোর্ট জমা দিয়ে পুরসভার আইনজীবী অরিন্দম দাস জানান, নির্দেশ অনুযায়ী ভরাট হয়ে যাওয়া জলাশয়টি সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

এখন থেকে পুকুরটির দেখভালের দায়িত্বও থাকবে পুরসভার হাতে। জলাশয়টি যাতে ফের কোনওভাবে দখল বা ভরাটের শিকার না হয়, সেদিকেও নজর রাখবে পুর কর্তৃপক্ষ। অন্যদিকে, পুকুর পুনরুদ্ধারে সরকারি অর্থ ব্যয়ের দায় সংশ্লিষ্ট জমির মালিকের উপর চাপানো হয়েছে। সেই টাকা ফেরত পাওয়ার জন্য ইতিমধ্যেই তাঁকে নোটিস পাঠানো হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপে শুধু আদালতের নির্দেশই কার্যকর হল না, দীর্ঘদিন ধরে হারিয়ে যেতে বসা একটি জলাশয়ও ফিরে পেল বহরমপুর।