বাংলা হান্ট ডেস্কঃ সংসদের শীতকালীন অধিবেশনেই (Parliament Winter Session) ডিলিমিটেশন এবং মহিলা সংরক্ষণ বিল পাশ করাতে চাইছে কেন্দ্রীয় সরকার। সব ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শুরু হতে পারে এই অধিবেশন। এই দুই বিল পাশ হলে লোকসভার আসনসংখ্যা বর্তমান ৫৪৩ থেকে বেড়ে সর্বোচ্চ ৮৫০ হতে পারে। পাশাপাশি সংসদ ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের ব্যবস্থাও করা হবে। তবে এই বিল পাশ করাতে বিরোধীদের সমর্থন পাওয়া সরকারের কাছে বড় চ্যালেঞ্জ।
Parliament Winter Session : লোকসভার আসন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের
রিপোর্ট অনুযায়ী, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই এই নতুন ব্যবস্থা চালু করতে চাইছে কেন্দ্র। ডিসেম্বরের প্রথম সপ্তাহে অধিবেশন (Parliament Winter Session) শুরু করা নিয়ে ইতিমধ্যেই উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। তবে সংবিধান সংশোধনী বিল পাশ করাতে লোকসভায় দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। বর্তমানে তিনটি আসন খালি থাকায় লোকসভার সদস্যসংখ্যা ৫৪০। বিল পাশ করাতে অন্তত ৩৬১টি ভোট দরকার। অথচ এনডিএ জোটের হাতে রয়েছে ৩২০ জন সাংসদ। তাই বিরোধীদের সমর্থন ছাড়া বিল পাশ করানো কঠিন।

যদিও এই হিসাব নিয়ে চিন্তা রয়েছে, তবুও বিল পাশের ব্যাপারে আশাবাদী কেন্দ্র। PTI-কে এক শীর্ষ সরকারি আধিকারিক জানিয়েছেন, ১৫ থেকে ১৮ ভোটের ব্যবধানে বিল পাশ হয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুনঃ অষ্টম পে কমিশন কার্যকর হলে কত বাড়বে পেনশন? সামনে এল নতুন হিসেব!
SIR নিয়ে বিরোধীদের বাধায় আটকে যাবে বিল?
অন্যদিকে, SIR বা ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে কেন্দ্র ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এই প্রক্রিয়ার বিরুদ্ধে আন্দোলন করছে বিরোধী দলগুলি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিও উঠেছে। তাই শীতকালীন অধিবেশনে (Parliament Winter Session) SIR নিয়ে বিরোধীরা বিক্ষোভ দেখাতে পারে বলে আশঙ্কা রয়েছে। এর ফলে সংসদের দুই কক্ষের কাজ বন্ধ হওয়ার সম্ভাবনাও রয়েছে। শাসক জোটের এক সাংসদ PTI-কে জানিয়েছেন, সংসদে স্বাভাবিক কাজকর্ম না হলে এই বিল নিয়ে আলোচনা ও ভোটাভুটি সম্ভব হবে না।
দক্ষিণ ভারতের রাজ্যগুলির জন্য কী পরিকল্পনা?
ডিলিমিটেশন নিয়ে দক্ষিণ ভারতের রাজ্যগুলিরও চিন্তা রয়েছে। আসন পুনর্বিন্যাসের পর লোকসভায় তাদের প্রতিনিধিত্ব কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সমস্যা কমাতে প্রতিটি রাজ্যে লোকসভার আসন ৫০ শতাংশ বাড়ানোর একটি ফর্মুলা বিবেচনা করছে কেন্দ্র। এতে দক্ষিণ ভারতের রাজ্যগুলির প্রতিনিধিত্ব কমে যাওয়ার আশঙ্কা কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৭ এপ্রিল সংসদের বিশেষ অধিবেশনেও এই সংক্রান্ত বিল আনার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তখন প্রয়োজনীয় সমর্থন মেলেনি। তাই এবার ডিসেম্বরের শীতকালীন অধিবেশনে (Parliament Winter Session) সরকার বিরোধীদের সমর্থন জোগাড় করে বিল পাশ করাতে পারে কি না, সেদিকেই নজর থাকবে।












