বাংলা হান্ট ডেস্ক : পেনশনভোগীরা আদেও কী পাবেন অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) সুবিধা, কেন্দ্রীয় সরকারি দফতর থেকে অবসর নেওয়া বহু কর্মীর মনে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। নতুন বেতন কাঠামো চালু হলে কর্মরতদের বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যাঁরা ইতিমধ্যেই অবসর নিয়েছেন, তাঁদের ক্ষেত্রে নিয়ম কী হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। বিশেষ করে নতুন কমিশনের নির্ধারিত কার্যকরী তারিখের আগে অবসর নেওয়া ব্যক্তিদের পেনশন ও বকেয়া নিয়ে জল্পনা তুঙ্গে।
অষ্টম বেতন কমিশনে (8th Pay Commission) এরিয়ার পাবেন পেনশনভোগীরা ?
কেন্দ্রের তরফে অষ্টম বেতন কমিশনের কার্যকরী তারিখ হিসেবে ২০২৬ সালের ১ জানুয়ারির কথা জানানো হয়েছে। কিন্তু সুপারিশগুলি কবে চূড়ান্ত হবে এবং কবে থেকে বাস্তবে নতুন বেতন কাঠামো অনুযায়ী টাকা দেওয়া শুরু হবে, সেই বিষয়ে এখনও স্পষ্ট ঘোষণা আসেনি। কমিশনের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় কর্মচারী সংগঠন এবং পেনশনভোগীদের সঙ্গে আলোচনা করছেন। তাঁদের অভাব-অভিযোগ ও প্রস্তাব শুনেই চূড়ান্ত সুপারিশ তৈরির কাজ চলছে।

কোনও কেন্দ্রীয় সরকারি কর্মী যদি ২০২৭ সালে চাকরি থেকে অবসর নেন, তাহলে তাঁর অবসরের আগে প্রায় এক বছর বা তারও বেশি সময় নতুন কমিশনের কার্যকরী তারিখের আওতায় পড়তে পারে। সেক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৬ থেকে অবসর নেওয়ার দিন পর্যন্ত পুরনো বেতন এবং সংশোধিত বেতনের মধ্যে যে ফারাক তৈরি হবে, তা বকেয়া হিসেবে পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে এই হিসাব কার্যকর হবে কি না, তা নির্ভর করবে কেন্দ্রের অনুমোদিত নিয়মের উপর।
আরও পড়ুন : দেশে ফিরলেই মৃত্যুদণ্ডের সাজা, হাসিনাকে ফেরানোর দায় দিল্লির উপর চাপাল ঢাকা
কারা এই সুবিধার যোগ্য হবেন, কোন সময়সীমার হিসাব ধরা হবে এবং পেনশন কীভাবে সংশোধিত হবে—এসব বিষয়ে সরকারি নির্দেশিকাই শেষ কথা বলবে। এই অনিশ্চয়তার মধ্যেই অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতি (রেওয়া) কেন্দ্রের কাছে তাদের দাবি জানিয়েছে। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে সংগঠনটি জানিয়েছে, অষ্টম বেতন কমিশনের আওতায় শুধু কর্মরত কর্মীদের নয়, অবসরপ্রাপ্তদের স্বার্থও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।
বিশেষ করে ২০২৬ সালের ১ জানুয়ারির আগে যাঁরা অবসর নিয়েছেন, তাঁদের পাশাপাশি পারিবারিক পেনশন পাওয়া ব্যক্তিদেরও পেনশন সংশোধনের প্রক্রিয়ায় স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে। সংগঠনের বক্তব্য, কমিশনের কাজের পরিধিতে এই বিষয়টি নির্দিষ্ট করে উল্লেখ না থাকলে বহু প্রবীণ পেনশনভোগী ভবিষ্যতে সুবিধা পাওয়া নিয়ে সমস্যায় পড়তে পারেন।
উল্লেখ্য, অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া বা বর্ধিত পেনশন পাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়। তাঁদের দাবি কমিশনের রিপোর্টে কতটা গুরুত্ব পায় এবং কেন্দ্র শেষ পর্যন্ত কী নিয়ম তৈরি করে, তার উপরই নির্ভর করবে আর্থিক সুবিধার ভবিষ্যৎ। ফলে অবসরপ্রাপ্ত কর্মীদের এখন নজর রাখতে হবে কমিশনের চূড়ান্ত সুপারিশ ও কেন্দ্রীয় সরকারের পরবর্তী ঘোষণার দিকে।












