রাজনৈতিক হিংসায় প্রাণ হারানোদের পরিবারকে চাকরি দেওয়ার উদ্যোগ! আবেদন শুরুর আগে জেনে নিন চার ফর্মের খুঁটিনাটি

Published on:

Published on:

Know details to apply on government scheme for victims of political violence families

বাংলা হান্ট ডেস্ক : পরিবারের উপার্জনক্ষম সদস্যকে রাজনৈতিক হিংসার ঘটনায় হারানোর পর বহু পরিবারকেই আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হয়েছে। এবার সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গত ২৫ বছরে পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসার কারণে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রুপ-ডি পদে সরকারি চাকরি (Government Job Scheme) দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির (Government Scheme)আবেদন প্রক্রিয়া

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে। আগামী ১৭ নভেম্বর থেকে আবেদন জমা নেওয়া হবে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে। এই সুবিধা পেতে হলে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হবে। গোটা প্রক্রিয়ার জন্য মোট চার ধরনের ফর্ম রাখা হয়েছে। প্রথম ফর্মে মৃত ব্যক্তির পরিচয়, ঠিকানা, রাজনৈতিক পরিচিতি, মৃত্যুর তারিখ ও স্থান এবং কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছিল, সেই সংক্রান্ত তথ্য জানাতে হবে। পাশাপাশি এফআইআর, সংশ্লিষ্ট থানার নাম, চার্জশিট বা আদালতে মামলা চলার বিবরণ এবং মৃত্যুর শংসাপত্র জমা দিতে হবে। আবেদনকারীর সঙ্গে মৃতের সম্পর্ক, বয়স, ভোটার পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা, পেশা ও ঠিকানার তথ্যও প্রয়োজন।

Know details to apply on government scheme for victims of political violence families

পরিবারের আর্থিক অবস্থার বিষয়টিও আবেদনে উল্লেখ করতে হবে। পরিবারের মোট সদস্য ও নির্ভরশীলদের সংখ্যা, মাসিক আয়, পরিবারের কেউ সরকারি চাকরি করেন কি না, আয়কর দেন কি না এবং একই ঘটনার জন্য আগে কোনও সদস্য চাকরি পেয়েছেন কি না—এসব তথ্য যাচাই করা হবে।

আরও পড়ুন : অবসর নিলেও কি মিলবে অষ্টম বেতন কমিশনের বকেয়া? পেনশনভোগীদের জন্য বড় আপডেট

জেলা স্তরের স্ক্রিনিং কমিটি আবেদন বাতিল করলে সংশ্লিষ্ট ব্যক্তি দ্বিতীয় ফর্ম ব্যবহার করে রাজ্য স্তরের কমিটির কাছে আবেদন জানাতে পারবেন। জেলা কমিটির সিদ্ধান্তের ৩০ দিনের মধ্যে এই আবেদন করতে হবে এবং বাতিলের কারণও উল্লেখ করতে হবে। তৃতীয় ফর্মে পরিবারের অন্যান্য নির্ভরশীল সদস্যদের সম্মতিপত্র দিতে হবে। তাঁদের স্বাক্ষরও প্রয়োজন। এই শর্ত না মানলে পরবর্তীকালে চাকরি বাতিল হওয়ার আশঙ্কা থাকবে।

এ ছাড়াও প্রথম শ্রেণির বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের সামনে চতুর্থ ফর্মের হলফনামা জমা দিতে হবে। সেখানে মৃত্যুর ঘটনা, আবেদনকারীর সঙ্গে মৃতের সম্পর্ক, পরিবারের আর্থিক পরিস্থিতি এবং অন্য নির্ভরশীলদের আপত্তি না থাকার বিষয়টি জানাতে হবে।
আবেদনের সঙ্গে মৃত্যুর শংসাপত্র, এফআইআর বা পুলিশের রিপোর্ট, সম্পর্কের প্রমাণ, ভোটার কার্ড, বয়স ও শিক্ষাগত যোগ্যতার নথি, আয়ের শংসাপত্র, দু’কপি পাসপোর্ট ছবি এবং প্রয়োজনীয় সম্মতিপত্র জমা দিতে হবে।

তবে আবেদন করলেই যে চাকরি নিশ্চিত, এমন নয়। প্রতিটি পরিবারের ক্ষেত্রে একজনকেই এই সুযোগ দেওয়া হবে। জমা পড়া নথি ও যোগ্যতা খতিয়ে দেখবে স্ক্রিনিং কমিটি। সব যাচাই পর্বে উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগের আগে স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে।