বাংলা হান্ট ডেস্ক : সরকারি রেশন ব্যবস্থায় সাধারণ মানুষের প্রাপ্য থেকে খাদ্যশস্যও যাতে কেউ সরিয়ে রাখতে না পারে, সেই বার্তা দিতেই এবার মাঠে নামলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া (Ashok Kirtaniya)। দপ্তরের আধিকারিকদের রিপোর্টের অপেক্ষা না করে সরাসরি উপভোক্তাদের কাছ থেকেই পরিস্থিতি জানার সিদ্ধান্ত নেন তিনি। আর তাতেই সামনে আসে রেশন বণ্টনকে কেন্দ্র করে একাধিক অসন্তোষের কথা। অভিযোগের গুরুত্ব বুঝে ঘটনাস্থল থেকেই সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
রেশনের অভিযোগে কড়া অ্যাকশনে খাদ্যমন্ত্রী (Ashok Kirtaniya)
মঙ্গলবার বোলপুরের বল্লভপুরডাঙা এলাকায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় রেশন পরিষেবা নিয়ে তাঁদের অভিজ্ঞতা জানতে চান অশোক কীর্তনীয়া। বাসিন্দাদের বক্তব্যে উঠে আসে দেবাশিস গোস্বামী নামে এলাকার এক রেশন ডিলারের ভূমিকা নিয়ে অসন্তোষ। তাঁদের অভিযোগ, দোকান থেকে খাদ্যশস্য সংগ্রহের সময় সরকারি বরাদ্দের সঙ্গে বাস্তবে পাওয়া চাল ও গমের পরিমাণের মিল থাকত না। অর্থাৎ প্রাপ্য বরাদ্দের পুরোটা গ্রাহকদের হাতে পৌঁছত না বলে দাবি।

সমস্যা শুধু খাদ্যশস্যের পরিমাণেই সীমাবদ্ধ ছিল না। অভিযোগ জানাতে গেলে সংশ্লিষ্ট ডিলারের কাছ থেকে সম্মানজনক ব্যবহারও পাওয়া যেত না বলে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা। দীর্ঘদিন ধরে এমন পরিস্থিতি চললেও এবার সরাসরি মন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরার সুযোগ পান তাঁরা। অভিযোগ শোনার পরই সংশ্লিষ্ট রেশন দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন খাদ্যমন্ত্রী। দেবাশিস গোস্বামীকে আপাতত সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর লাইসেন্স বাতিলের জন্য প্রশাসনিক পদক্ষেপ শুরু হয়েছে।
আরও পড়ুন : ৩ মাস ধরে খোঁজ নেই শর্মিষ্ঠার! ফেসবুক পোস্টে কাতর আর্তি মুকুল-পুত্র শুভ্রাংশুর
অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। বোলপুরের বিভিন্ন গুদামে গিয়ে মজুত সামগ্রীর পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। গুদামে কতটা চাল ও গম রয়েছে, কীভাবে সেগুলি সংরক্ষণ করা হচ্ছে এবং খাদ্যশস্যের মান ঠিক রয়েছে কি না, সেসব বিষয়ও পরীক্ষা করেন। খাদ্য দপ্তরের আধিকারিকদের কাজকর্ম নিয়েও খোঁজখবর নেন তিনি। রেশন ব্যবস্থায় দুর্নীতি রুখতে এবার প্রশাসনিক নজরদারির ধরন বদলানোর ইঙ্গিতও দিয়েছেন অশোক কীর্তনীয়া। তাঁর বক্তব্যের মূল সুর, সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনও স্তরেই গাফিলতি মেনে নেওয়া হবে না।












