বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ ৩৪ বছর পর ফের বাংলায় ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। হুগলির গুড়াপে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ করে খুনের মামলায় অশোক সিংয়ের ফাঁসির সাজা বহাল রেখেছে আদালত। নিম্ন আদালত আগেই তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছিল অশোক। তবে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ নিম্ন আদালতের সাজাই বহাল রেখেছে।
কী ঘটেছিল সেদিন?
ঘটনাটি ২০২৪ সালের ২৪ নভেম্বরের। সেদিন সন্ধ্যায় বাড়ির সামনেই খেলছিল পাঁচ বছরের শিশুটি। তার বাবা বাজারে যাওয়ার সময় মেয়েকে খেলতে দেখেছিলেন। বাজার থেকে ফিরে এসে মেয়েকে আর খুঁজে পাননি। এরপর পরিবারের লোকজন ও প্রতিবেশীদের নিয়ে খোঁজ শুরু করেন তিনি।

খোঁজাখুঁজির সময় প্রতিবেশী অশোক সিংয়ের বাড়ি থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। এরপর স্থানীয়রা অশোককে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাকে গ্রেফতার করে। পরে নিম্ন আদালতের বিচারক চন্দ্রপ্রভা চক্রবর্তী অশোককে দোষী সাব্যস্ত করেন। তাকে ফাঁসির সাজা দেওয়ার পাশাপাশি শিশুটির পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ মাসে ১৫ হাজার টাকা বিশেষ ভাতা! বাড়িভাড়া থেকে শিক্ষা ঋণ, কী কী সুবিধা পাবেন IPS-রা?
কে এই অশোক সিং?
অশোক সিংয়ের বয়স ৫০ বছর। হুগলির গুড়াপ এলাকায় একটি ছোট ঝুপড়ি বাড়িতে থাকত সে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করত অশোক। তার বিরুদ্ধে মারধর ও শ্লীলতাহানির মতো অভিযোগও ছিল। অশোকের দু’বার বিয়ে হয়েছিল। কিন্তু দুই স্ত্রীই তার অত্যাচারের কারণে তাকে ছেড়ে চলে যান বলে জানা গিয়েছে। মদ খেয়ে এলাকায় মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগও ছিল তার বিরুদ্ধে।
ময়না তদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য
ময়না তদন্তের রিপোর্টে জানা যায়, শিশুটিকে ধর্ষণের পর বারবার দেওয়ালে আছড়ে মেরে ফেলা হয়েছিল। এরপর তার দেহ খাটের নীচে কাঠের তক্তার মাঝে লুকিয়ে রেখেছিল অশোক। এই ঘটনার ভয়াবহতা সামনে আসার পর আদালতও স্তম্ভিত হয়ে যায়।
৩৪ বছর পর ফের ফাঁসির সাজা বহাল রাখল হাই কোর্ট (Calcutta High Court)
নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে (Calcutta High Court) আবেদন করেছিল অশোক। এই মামলায় প্রায় আড়াই দিন ধরে শুনানি চলে। এরপর বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের বেঞ্চ আগের সাজাই বহাল রাখে। মামলার আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় জানান, মহিলাদের উপর অপরাধের ঘটনায় সমাজের কাছে কড়া বার্তা দিতেই এই মামলা করা হয়েছিল। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী তাঁকে এই দায়িত্ব দিয়েছিলেন। যাতে অপরাধীরা বুঝতে পারে, মহিলাদের উপর অত্যাচার করে সহজে পার পাওয়া যাবে না। আদালতে গেলেই জামিন মিলবে, এমনটাও নয়।
আইনজীবী আরও জানান, নিম্ন আদালত রাজ্য সরকারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু তাঁর জানা মতে, সেই টাকা এখনও পরিবারের কাছে পৌঁছয়নি। হাই কোর্ট (Calcutta High Court) এবার ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ফাঁসির সাজাও বহাল রেখেছে।
প্রসঙ্গত, ১৯৯২ সালে ধনঞ্জয় মামলায় ফাঁসির সাজা দিয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। তারপর দীর্ঘ ৩৪ বছর কেটে গিয়েছে। এতদিন পর ফের কোনও মামলায় ফাঁসির সাজা বহাল রাখল আদালত।












