বাংলা হান্ট ডেস্ক : চাকরি জীবনের সঞ্চয়কে অবসরের পর আর্থিক অবলম্বন হিসেবে গড়ে তোলেন অধিকাংশ কর্মী। কিন্তু জরুরি প্রয়োজনে বড় অঙ্কের টাকার দরকার হলে সেই সঞ্চয় হাতে পাওয়ার নিয়ম অনেকের কাছেই জটিল মনে হয়। এবার সেই পরিস্থিতি বদলানোর লক্ষ্যেই প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) টাকা তোলার ব্যবস্থায় একাধিক সংস্কারের কথা সামনে এসেছে।
প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) টাকা তোলার নিয়ম সংস্কার
কর্মহীন হয়ে পড়লে আর্থিক চাপ সামলাতে পিএফের সঞ্চয় অনেকের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত দিন চাকরি হারানোর পর টাকা তোলার যোগ্যতা অর্জন করতে ১২ মাস অপেক্ষা করতে হত। সেই সময়সীমা কমিয়ে দুমাস করার সিদ্ধান্ত নিয়েছে ইপিএফও কর্তৃপক্ষ। ফলে চাকরি চলে যাওয়ার পর দীর্ঘদিন অপেক্ষা না করেই প্রয়োজনীয় অর্থ পাওয়ার সুযোগ তৈরি হবে।

পিএফের টাকা তোলার ক্ষেত্রেও নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যবস্থায় ৫৫ বছর বয়সের আগে অবসর নেওয়া কিংবা চাকরি ছেড়ে দেওয়া সদস্যরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে অ্যাকাউন্টে থাকা মোট সঞ্চয়ের ৯০ শতাংশ পর্যন্ত তুলে নিতে পারবেন। আগে এক্ষেত্রে সর্বাধিক ৭৫ শতাংশ অর্থ তোলার সুযোগ ছিল। বাকি ২৫ শতাংশ অবসরকালীন নিরাপত্তার কথা মাথায় রেখে অ্যাকাউন্টে রেখে দিতে হত। এবার সেই বাধ্যতামূলক সংরক্ষিত অর্থের পরিমাণ কমিয়ে ১০ শতাংশ করার কথা জানানো হয়েছে।
আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনায় আবেদন করে অ্যাকাউন্টে ঢুকছে বার্ধক্য ভাতা! প্রশাসনের দ্বারস্থ বছর ৪২-র ফুলমতি
সঞ্চিত অর্থ ব্যবহারের পদ্ধতিতেও নতুন বিকল্প যুক্ত হতে চলেছে। সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT) সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান বা SWP চালুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই ব্যবস্থায় অবসরপ্রাপ্ত সদস্যরা পিএফের সম্পূর্ণ টাকা একবারে তুলে নেওয়ার বদলে নির্দিষ্ট সময় অন্তর কিস্তিতে অর্থ গ্রহণ করতে পারবেন। ফলে অবসরের পরেও সঞ্চিত তহবিল থেকে নিয়মিত অর্থ পাওয়ার সুযোগ থাকবে।
কোনও সদস্য চাকরিতে থাকাকালীন মারা গেলে তাঁর মনোনীত ব্যক্তিও এই সুবিধা নিতে পারবেন। নমিনি চাইলে অ্যাকাউন্টে থাকা অবশিষ্ট অর্থ একবারে তুলে নিতে পারবেন। আবার SWP-এর মাধ্যমে মাসিক কিস্তিতে টাকা পাওয়ার বিকল্পও বেছে নিতে পারবেন। পিএফের মূল উদ্দেশ্য অবসরের সময় আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। কিন্তু জরুরি পরিস্থিতিতে সেই অর্থের নাগাল পাওয়া এবং অবসরের পর সঞ্চয়কে পরিকল্পিতভাবে ব্যবহার করার সুযোগও কর্মীদের কাছে সমান গুরুত্বপূর্ণ। নতুন ব্যবস্থাগুলি কার্যকর হলে চাকরি হারানো সদস্যদের অপেক্ষার সময় কমবে, আবার অবসরপ্রাপ্তরা নিজেদের প্রয়োজন অনুযায়ী অর্থ তোলার পদ্ধতি বেছে নিতে পারবেন।












