বাংলা হান্ট ডেস্কঃ অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) আবেদন করেও টাকা না পাওয়ার অভিযোগ তুলছেন রাজ্যের বহু মহিলা। নভেম্বর মাসে ফের অন্নপূর্ণা যোজনা নিয়ে দিকে দিকে শুরু হয়েছে বিক্ষোভ। মাসের পর মাস সরকারি অফিসে ধর্না দিয়েও ভাতা মেলেনি বলে অভিযোগ। এসবের মধ্যেই এবার নয়া অভিযোগ সামনে এল কোচবিহার (Coochbehar) থেকে। যেখানে দেখা যাচ্ছে অন্নপূর্ণায় আবেদন করে ৪২ বছর বয়সে এক মহিলা পাচ্ছেন বার্ধক্য ভাতা।
অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া অভিযোগ | Annapurna Yojana
কোচবিহারের মাথাভাঙা শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, বছর ৪২ এর ফুলমতি রায় বর্মনের অ্যাকাউন্টে ঢুকছে বার্ধক্য ভাতার টাকা। অভিযোগ, ছ’মাস আগে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করলেও নিয়মিত টাকা ঢুকছে না। এরপর মোবাইলে অন্নপূর্ণা যোজনার পোর্টালে স্টেটাস চেক করতেই তিনি দেখেন, তাঁর নামে বার্ধক্য ভাতার টাকা ঢোকার কারণে অন্নপূর্ণা যোজনার লিস্ট থেকে বাতিল করা হয়েছে নাম।

আবেদনকারীর অভিযোগ, জুন মাসে তিনি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেন। তবে টাকা কেবল অক্টোবর মাসে ঢুকেছিল। এই এক মাস ছাড়া আর কোনও মাসেই অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তিনি। এদিকে ফোনে অন্নপূর্ণা যোজনার পোর্টাল খুলে স্টেটাস চেক করতে গিয়ে দেখেন, তাঁর নামে বার্ধক্য ভাতা চালু হয়েছে বলেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না।
আরও পড়ুন: কলকাতা হাই কোর্টে বড় বদল! ২০ বছরের প্রথা ভেঙে বিচারপতির বিদায় সংবর্ধনায় নতুন সময় ঘোষণা
বার্ধক্য ভাতায় আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৬০ বছর। এক্ষেত্রে ৪২ বছর বয়সে কীভাবে তিনি বার্ধক্য ভাতা পাচ্ছেন তা বুঝে উঠতে পারেন না ফুলমতি। এরপর ট্রেজারি অফিসে যোগাযোগ করেন ফুলমতি ও তাঁর স্বামী। সেখান থেকে তাঁরা জানতে পারেন যে ফুলমতির আধার নম্বর ব্যবহার করে বার্ধক্য ভাতার আবেদন করা হয়েছে।
কাকতালীয় ভাবে যাঁর নামে ওই ভাতা ঢুকছে, তাঁর নাম ফুলমতি বর্মন। আধার কার্ড জালের অভিযোগ তুলেছেন ফুলমতির স্বামী। এই নিয়ে ইতিমধ্যেই SDO-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা। কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে প্রশাসন। যাতে বার্ধক্য ভাতা অবিলম্বে বন্ধ করে তার অন্নপূর্ণা যোজনা চালু হয়, সেই আবেদন জানিয়েছেন ফুলমতি।












