আকভানের বৃষ্টিতে সর্বনাশের আশঙ্কা! কৃষকদের ক্ষয়ক্ষতি রিপোর্ট চেয়ে নির্দেশ দিল নবান্ন

Published on:

Published on:

Nabanna has sought a report on the damage caused by cyclone Akvan

বাংলা হান্ট ডেস্ক : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে অসময়ের বৃষ্টি শুধু স্বাভাবিক জনজীবনেই বাধা সৃষ্টি করেনি, বড়সড় আর্থিক অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়েছে কৃষি ব্যবসাকে। কয়েক মাসের পরিশ্রমে ফলানো ফসল ঘরে তোলার আগেই প্রকৃতির খামখেয়ালিপনায় বিপাকে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে রাজ্যের প্রতিটি জেলাশাসকের কাছে ক্ষয়ক্ষতির রিপোর্ট চাইল নবান্ন (Nabanna)।

আকভানের ক্ষয়ক্ষতির রিপোর্ট চাইল নবান্ন (Nabanna)

বুধবার রাত থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির দাপট অব্যাহত। কোথাও পাকা ধান জমিতেই পড়ে রয়েছে, কোথাও আবার ফুলের বাগান কার্যত জলবন্দি। মরশুম শুরুর ঠিক আগেই পাঁশকুড়া ও কোলাঘাটের ফুলচাষিদের ক্ষেতে এই প্রভাব।‌ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে রাজ্যের প্রতিটি জেলার প্রশাসনিক প্রধানের কাছে ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসাব চেয়েছে নবান্ন।

Nabanna has sought a report on the damage caused by cyclone Akvan

পাশাপাশি কৃষকদের জন্য ফসলের ক্ষতির তথ্য জানানোর ব্যবস্থা করা হয়েছে। ১৪৪৪৭ নম্বরে ফোন করে চাষিরা তাঁদের জমি ও ফসলের বর্তমান অবস্থা জানাতে পারবেন। সেই অভিযোগের ভিত্তিতে ক্ষতির পরিমাণ যাচাই করে পরবর্তী পদক্ষেপ স্থির করবে সরকার। আবহাওয়ার পরিস্থিতি কিছুটা অনুকূল হলেই কৃষি দফতরের আধিকারিকরা বিভিন্ন এলাকায় সরেজমিনে তদন্ত শুরু করবেন। কোন জেলায় কতটা কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন ফসলের লোকসান বেশি এবং তার জেরে চাষিদের কত টাকার ক্ষতি হতে পারে, সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে। সমীক্ষার রিপোর্ট দ্রুত রাজ্য প্রশাসনের কাছে পাঠানোর নির্দেশ রয়েছে।

আরও পড়ুন : ২৫টি স্থায়ী পদে সবুজ সংকেত! বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, জারি বিজ্ঞপ্তি

প্রাকৃতিক দুর্যোগে কৃষকদের লোকসান হলে তাঁদের আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে এবার ক্ষয়ক্ষতির প্রকৃত হিসাব সামনে আসার অপেক্ষা করছেন চাষিরা। তবে সাহায্যের পরিমাণ বা তা পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে প্রশাসনিক মূল্যায়নের উপর। কৃষি দফতরের প্রাথমিক পরিসংখ্যান বলছে, রাজ্যের মোট আমন ধানের জমির আনুমানিক ৪০ শতাংশের ফসল ইতিমধ্যে কাটা হয়েছে। বাকি প্রায় ৬০ শতাংশ জমিতে এখনও ধান রয়েছে। অর্থাৎ বিপুল পরিমাণ পাকা ফসল এখনও কৃষকদের ঘরে পৌঁছয়নি।

বৃষ্টির জল জমিতে আটকে থাকলে ধান নষ্ট হওয়ার পাশাপাশি ফসল কাটার জন্য প্রয়োজনীয় শ্রমিক ও যন্ত্রপাতি ব্যবহারেও সমস্যা দেখা দিতে পারে। এর ফলে আলু চাষের জন্য জমি তৈরি করার সময়সূচিও পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমন ধানের পাশাপাশি শীতের সবজি, পান এবং তৈলবীজের ক্ষেত্রেও বিরূপ প্রভাব পড়তে পারে। অতিরিক্ত আর্দ্রতা ও জমে থাকা জল গাছের ক্ষতি করলে উৎপাদন কমে যেতে পারে। তার প্রভাব পড়তে পারে কৃষকদের আয় এবং বাজারে ফসলের প্রাপ্যতার উপর।

ফুলচাষের সঙ্গে যুক্ত পরিবারগুলির পরিস্থিতিও যথেষ্ট উদ্বেগজনক। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বহু এলাকায় ফুলের চাষ স্থানীয় অর্থনীতির অন্যতম ভরসা। পাঁশকুড়ায় ডিসেম্বর মাস থেকে ফুলের মরশুমকে ঘিরে পর্যটকদের আনাগোনা বাড়ে। কিন্তু সেই সময় আসার আগেই বৃষ্টির জলে বেশ কিছু বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে।