২৫টি স্থায়ী পদে সবুজ সংকেত! বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের, জারি বিজ্ঞপ্তি

Published on:

Published on:

Nabanna Approves 25 Permanent Posts in AYUSH Department

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও ভালো করতে এবার বড় সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। পাঁচটি স্বাস্থ্য জেলায় নতুন করে ২৫টি স্থায়ী পদ তৈরি করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই এই বিষয়ে অনুমোদন মিলেছে। শুক্রবার স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। মূলত আয়ুষ দফতরের কাজকর্ম আরও সহজ করা এবং সাধারণ মানুষ যাতে দ্রুত চিকিৎসার সুবিধা পান, সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পাঁচ জেলায় নতুন ২৫টি স্থায়ী পদ, বিজ্ঞপ্তি জারি রাজ্যের (Nabanna)

জানা গিয়েছে, নন্দীগ্রাম, ডায়মন্ড হারবার, রামপুরহাট, বসিরহাট এবং বিষ্ণুপুর—এই পাঁচটি স্বাস্থ্য জেলায় নতুন পদ তৈরি করা হচ্ছে। প্রতিটি জেলায় পাঁচটি করে স্থায়ী পদ থাকবে। এর মধ্যে একজন ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার (আয়ুষ), একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং দু’জন গ্রুপ-ডি কর্মীর পদ রয়েছে। সব মিলিয়ে পাঁচটি জেলায় মোট ২৫টি পদ তৈরি হচ্ছে।

আসলে নতুন স্বাস্থ্য জেলা তৈরি হলেও সেখানে দফতরের কাজ সামলানোর জন্য স্থায়ী কর্মীর প্রয়োজন ছিল। বিশেষ করে গ্রামের দিকে আয়ুর্বেদ ও হোমিওপ্যাথি চিকিৎসার সুবিধা পৌঁছে দেওয়া এবং সরকারি প্রকল্পের কাজ ঠিকভাবে চালানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন কর্মী নিয়োগ হলে অফিসের দৈনন্দিন কাজ, টাকার হিসাব রাখা এবং নজরদারির কাজও অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ রাজ্য সরকারের এই কর্মীদের জন্য সুখবর, ভাতা বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিল অর্থ দপ্তর

তবে এই পদ তৈরির প্রক্রিয়া বেশ কিছুদিন ধরেই চলছিল। গত ২৯ সেপ্টেম্বর অর্থ দফতর প্রথমে অনুমোদন দেয়। এরপর ২৯ অক্টোবর রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও প্রস্তাবটি পাশ হয়। শেষ পর্যন্ত রাজ্যপালের সম্মতি নিয়ে ২০ নভেম্বর আয়ুষ দফতর থেকে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এদিকে আয়ুষ দফতরের অতিরিক্ত সচিবের সই করা ওই নির্দেশিকা ইতিমধ্যেই নবান্ন (Nabanna), রাজ্যের সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং ট্রেজারি অফিসারদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি দফতরের ওয়েবসাইটেও বিজ্ঞপ্তিটি আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য দফতরের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, নতুন পাঁচটি স্বাস্থ্য জেলায় আয়ুষ পরিষেবা আরও ভালো করার চেষ্টা চলছে। স্থায়ী কর্মী নিয়োগ হলে যেমন দফতরের কাজে গতি আসবে, তেমনই সাধারণ মানুষও দ্রুত পরিষেবা পাবেন। সব মিলিয়ে নবান্নের (Nabanna) এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে গ্রাম ও মফস্‌সল এলাকার স্বাস্থ্য পরিষেবার উন্নতি হবে বলেই আশা করছে প্রশাসন।