বাংলা হান্ট ডেস্কঃ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি (BJP) বিধায়ক রেখা পাত্র (Rekha Patra)। জানা গিয়েছে, তাঁর শরীরে বিষক্রিয়ার প্রভাব রয়েছে। বর্তমানে কলকাতার একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তাঁর খোঁজখবর নিতে সেখানে পৌঁছেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রেখা পাত্র | (Rekha Patra)
জেলা সূত্রে খবর, শনিবার রাত ৯টা নাগাদ হিঙ্গলগঞ্জের বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রেখা। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বিধায়কের শারীরিক অবস্থার অবনতি হলে বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

জানা গিয়েছে, বসিরহাটের হাসপাতালের সিসিইউ-তে প্রায় চার ঘণ্টা ভর্তি থাকলেও রেখার শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। এরপর তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। যদিও হাসপাতালে উপস্থিত বিজেপি নেত্রী অর্চনা দাস মজুমদারের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
আরও পড়ুনঃ DA বৃদ্ধির পর বার্ষিক বেতন বৃদ্ধি নিয়ে আপডেট! একধাক্কায় দ্বিগুণ করার প্রস্তাব
সূত্র মারফত জানা গিয়েছে, গতকাল রাতে রেখাকে যখন বসিরহাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় তাঁর জ্ঞান ছিল না। স্যালাইন চলছিল। পাশাপাশি অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। সেখানে অবস্থার কোনও উন্নতি না হওয়ায় ওই অবস্থাতেই কলকাতায় নিয়ে যাওয়া হয়।
হিঙ্গলগঞ্জের বিধায়ক হঠাৎ কীভাবে অসুস্থ হয়ে পড়লেন, তাঁর শরীরে কীভাবে বিষক্রিয়া হল তা এখনও স্পষ্ট নয়। হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, চিকিৎসক যুধাজিৎ সেনগুপ্তের তত্ত্বাবধানে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। তাঁর শরীরে বিষক্রিয়ার প্রভাব আছে।
অন্যদিকে রেখার অসুস্থতা বা তাঁর শরীরে বিষক্রিয়ার কারণ নিয়ে জেলা নেতৃত্বের কেউ কিছু জানায়নি। পরিবারের তরফেও কারণ স্পষ্ট করা হয়নি। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষও মেডিক্যাল বুলেটিন দিয়ে বিধায়কের অসুস্থতার কারণ জানায়নি।
২০২৪ লোকসভা ভোটের আগে রাজনীতির ময়দানে নাম লিখিয়েছিলেন রেখা পাত্র। বসিরহাট কেন্দ্রে বিজেপি টিকিট দিলেও জয়ের মুখ দেখতে পারেননি তিনি। তবে ২০২৬ বিধানসভা ভোটে হিঙ্গলগঞ্জ থেকে জিতে বিধায়ক হয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা নিয়ে দলের অন্দরে তৈরি হয়েছে উদ্বেগ।












