পর্যটকদের আকর্ষণ বাড়াতে দিঘায় চিড়িয়াখানা, স্নেক পার্ক! মন্দারমণি নিয়েও বড় পরিকল্পনা রাজ্যের

Published on:

Published on:

Government of West Bengal plans to open Zoo and Snake park in Digha

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার দুই জনপ্রিয় সৈকত শহর দিঘা (Digha) ও মন্দারমণি (Mandarmani) ঢেলে সাজাতে উদ্যোগী রাজ্য সরকার (Government of West Bengal)। আরও বেশি করে পর্যটকদের আকৃষ্ট করতে একাধিক পরিকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের নির্দেশও দিয়েছেন। এবার সেই অনুযায়ী কাজ শুরু করে দিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।

দিঘা-মন্দারমণি নিয়ে বড় ভাবনা রাজ্য সরকারের | (Government of West Bengal)

ইতিমধ্যে দু’বার প্রশাসনিক বৈঠক করে দিঘা-মন্দারমণির পরিকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মতো সদ্য আয়োজিত উন্নয়ন পর্ষদের সপ্তম বোর্ড মিটিংয়ে দিঘা ও মন্দারমণির নানা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Government of West Bengal

উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার, কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী, পুলিশ সুপার অংশুমান সাহা সহ নানা দফতরের আধিকারিকরা। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পরিকল্পনার কথা জানান জেলাশাসক।

আরও পড়ুনঃ শীতের পোশাক নামিয়ে ফেলুন! দক্ষিণবঙ্গে আরও ৪ ডিগ্রি কমবে তাপমাত্রা, আজও চলবে বৃষ্টি

পর্যটকদের আকর্ষণ আরও বাড়াতে দিঘায় চিড়িয়াখানা ও স্নেক পার্ক চালু করার কথা ভাবা হয়েছে। পাশাপাশি মন্দারমণিতে বাস ডিপো তৈরি করা হবে। পর্যটকদের বিনোদনের জন্য বেশ কিছু নতুন পার্ক তৈরির পরিকল্পনাও করা হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বে পর্ষদের নিজের জমিতে প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য পরামর্শদাতা নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে।

দিঘা-মন্দারমণির সৌন্দর্যায়নের পাশাপাশি সামগ্রিক পরিকাঠামো উন্নয়নেও জোর দেওয়া হয়েছে। নতুন রাস্তা তৈরি, বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণ, উপকূলভাঙন রোধের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই পরিবহণ, পূর্ত, বন ও পর্যটন দফতরের আধিকারিকদের সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করা হয়ে গিয়েছে।

রাজ্যের জনপ্রিয় দুই পর্যটনকেন্দ্র আরও সুন্দর করে তুলতে উদ্যোগী সরকার। দিঘা-মন্দারমণির পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সৌন্দর্যায়ন নিয়েও একাধিক পরিকল্পনা করা হয়েছে। এই উদ্যোগে পর্যটকরাও অত্যন্ত খুশি।