বাংলা হান্ট ডেস্কঃ বেসরকারি বাস মালিক সংগঠনের তরফে দীর্ঘদিন ধরে বাস ভাড়া বাড়ানোর (Bus Fare Increase) দাবি জানানো হচ্ছে। কয়েকদিন আগে পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের (Arjun Singh) কাছে এই মর্মে স্মারকলিপি জমা দিয়েছিল অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতি। এবার সংগঠনের সেই দাবিতে সায় দিয়ে বড় ঘোষণা করলেন তিনি।
বাস ভাড়া বাড়ানোর দাবিতে সায় পরিবহণমন্ত্রীর | (Bus Fare Increase)
কলকাতা সহ রাজ্যের সর্বত্র বেসরকারি বাস মালিকরা ভাড়া বাড়ানোর দাবি জানাচ্ছেন। মঙ্গলবার পরিবহণমন্ত্রী জানান, তাঁদের দাবি সঙ্গত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘোষণা হবে।

অর্জুন বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হয়েছে। চালকের পারিশ্রমিক বেড়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদের সঠিক পরিষেবা দিতে গেলে বাস ভাড়া বাড়ানো উচিত বলে মনে করেন তিনি।
আরও পড়ুনঃ ৩১ ডিসেম্বরের মধ্যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
পরিবহণমন্ত্রী জানান, সঠিক ও ন্যায্য ভাবে বাসের ভাড়া বাড়ানো হবে। তবে বেসরকারি বাস মালিকদের তরফে বাসে উঠলেই ১৮ টাকা ভাড়ার যে প্রস্তাব দেওয়া হয়েছে তা এখনও চূড়ান্ত হয়নি। বিষয়টি বিবেচনাধীন অবস্থায় রয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সবকিছু নিয়ে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘোষণা হবে।
এদিন অর্জুনের মন্তব্যের পর সিটি সাবার্বাস বাস সার্ভিসের তরফে টিটু সাহা বলেন, “রাজ্য সরকার এবার নীতিগতভাবে বেসরকারি বাসের ভাড়া বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। পরিবহণমন্ত্রীর সঙ্গে আমাদের সদর্থক আলোচনা হয়েছে। শীঘ্রই রাজ্য সরকার ভাড়া নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত ঘোষণা করবে বলে আশা করছি।“
বাস ভাড়া বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে সরব বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। তাঁদের দাবি, ২০১৮ সালের পর থেকে রাজ্যে সরকারিভাবে বাস ভাড়া বাড়ানো হয়নি। এদিকে গত আট বছরে পরিস্থিতি ব্যাপক বদলেছে। এই নিয়ে পরিবহণমন্ত্রীর কাছে চিঠি, স্মারকলিপিও জমা দেওয়া হয়েছিল। এবার বাস ভাড়া বৃদ্ধির দাবিতে সায় দিয়ে বড় মন্তব্য করলেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তাতে আশার আলো দেখছেন বাস মালিকরা।












