কনভোকেশনে গাউন নয়, খাদি-হ্যান্ডলুমের পোশাক ব্যবহারের ভাবনা! নতুন নির্দেশিকা জারি উচ্চশিক্ষা দপ্তরের

Published on:

Published on:

Higher Education Department issues guidelines regarding convocation attire

বাংলা হান্ট ডেস্ক : ডিগ্রি অর্জনের আনন্দ উদ্‌যাপনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব হল সমাবর্তন। অথচ এই বিশেষ অনুষ্ঠানে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির পোশাকের ধরন দীর্ঘদিন ধরেই পাশ্চাত্য রীতির অনুকরণে চলে আসছে। কালো গাউন, মাথায় হ্যাট—এই সাজেই মঞ্চে উঠে শংসাপত্র গ্রহণ করেন পড়ুয়ারা। এবার সেই পরিচিত ছবি পাল্টানোর উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দফতর (Higher Education Department)।

সমাবর্তনের পোশাক নিয়ে নির্দেশিকা জারি উচ্চশিক্ষা দপ্তরের (Higher Education Department)

বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিদেশি পোশাকের পরিবর্তে ভারতীয় সংস্কৃতির পরিচয় বহন করে, এমন পোশাক ব্যবহারের পক্ষে সওয়াল করেছে রাজ্য। এই মর্মে ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। গত ২৩ নভেম্বর উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে সমাবর্তনের পোশাক নিয়ে নতুন করে ভাবনাচিন্তার পরামর্শ দেওয়া হয়েছে।

Higher Education Department issues guidelines regarding convocation attire

খাদি ও হ্যান্ডলুমের কাপড় দিয়ে তৈরি পোশাককে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। সরকারের বক্তব্য, উচ্চশিক্ষার এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেশের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের ছাপ থাকা প্রয়োজন। তাই প্রচলিত বিদেশি সাজের বদলে দেশীয় বস্ত্রের ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এই উদ্যোগের ক্ষেত্রে নতুন কোনও নিয়ম তৈরি করা হয়নি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি অতীতে যে সুপারিশগুলি করেছিল, সেগুলির ভিত্তিতেই রাজ্যের এই পদক্ষেপ। ২০১৫, ২০১৯ এবং ২০২৪ সালে ইউজিসি সমাবর্তনের পোশাক তৈরিতে খাদি ও হ্যান্ডলুমের কাপড় ব্যবহারের বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে পরামর্শ দিয়েছিল। পাশাপাশি দেশের আবহাওয়ার সঙ্গে মানানসই পোশাক বেছে নেওয়ার কথাও বলা হয়েছিল। রাজ্যের উচ্চশিক্ষা দফতর সেই নির্দেশনার বিষয়গুলি ফের সামনে এনেছে।

আরও পড়ুন : নির্দিষ্ট নিয়ম মেনেই কী সব হচ্ছে? বিস্মিত বিচারপতি! রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

সমাবর্তনে ঠিক কোন ধরনের পোশাক পরতে হবে, তার কোনও বাধ্যতামূলক নকশা নির্ধারণ করেনি ইউজিসি। ফলে বিশ্ববিদ্যালয়গুলি নিজেদের পরিচিতি ও ঐতিহ্য অনুযায়ী পোশাকের ধরন স্থির করতে পারবে। উত্তরীয়-সহ বিভিন্ন ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক ব্যবহারের সুযোগ রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত উপাচার্য, আমন্ত্রিত অতিথি এবং ডিগ্রিপ্রাপকদের জন্য পৃথক পোশাকের নকশা তৈরির ক্ষেত্রেও কোনও বাধা রাখা হয়নি।

পোশাক পরিবর্তনের পরিকল্পনা শুধু স্নাতক স্তরের পড়ুয়াদের জন্য নয়। স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জনকারীদের সমাবর্তনের সাজেও দেশীয় পোশাক চালুর কথা ভাবছে দফতর।বিশ্ববিদ্যালয়গুলিকে নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী নকশা তৈরি করতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের অধীনস্থ কলেজগুলিতেও এই ব্যবস্থা চালু করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে।

এই পরিবর্তনের পিছনে সাংস্কৃতিক ভাবনার পাশাপাশি দেশীয় বস্ত্রশিল্পকে চাঙ্গা করার লক্ষ্যও রয়েছে। খাদি ও হ্যান্ডলুমের ব্যবহার বাড়লে গ্রামাঞ্চলের তাঁতি এবং বয়নশিল্পের সঙ্গে যুক্ত মানুষ উপকৃত হতে পারেন। সমাবর্তনে ব্যবহৃত পোশাকের ছবি ও ভিডিয়ো ইউজিসির পোর্টালে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে জানাতে হবে, নতুন ভাবনা বাস্তবায়নের জন্য তারা কী ব্যবস্থা নিচ্ছে। সরকারি নির্দেশিকার বাস্তব প্রয়োগ শুরু হলে উচ্চশিক্ষার আনুষ্ঠানিক মঞ্চে দেশীয় সংস্কৃতির উপস্থিতি আরও দৃশ্যমান হবে।