আগামিকাল রাজ্যের সব সরকারি স্কুলে বিশেষ কর্মসূচি! পড়ুয়া থেকে শিক্ষকদের নিতে হবে শপথ

Published on:

Published on:

oath taking to be done tomorrow in all government schools

বাংলা হান্ট ডেস্ক : বাল্যবিবাহের বিরুদ্ধে এবার স্কুল (Schools) থেকেই প্রতিরোধ গড়ে তোলার পরিকল্পনা রাজ্য সরকারের (Government of West Bengal)। শুধু প্রশাসনিক নজরদারি বা আইনি পদক্ষেপের মধ্যে সীমাবদ্ধ না থেকে, সমাজের প্রতিটি স্তরে এই বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে চাইছে নবান্ন। বিশেষ করে বিয়ের মরশুমে নাবালিকাদের বিয়ে দেওয়ার ঘটনা ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত একযোগে প্রচারের প্রস্তুতি চলছে। নভেম্বরের শেষ সপ্তাহ থেকেই এই উদ্যোগের বাস্তবায়ন শুরু হতে চলেছে।

স্কুলগুলিকে (Schools) বিশেষ নির্দেশ সরকারের

মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর বাল্যবিবাহ বন্ধ করার প্রশ্নে একাধিক কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর নির্দেশ, কোনও নাবালিকা মা হলে বিষয়টিকে হালকাভাবে নেওয়া চলবে না। ১৮ বছর বয়স হওয়ার আগেই কোনও মেয়ের সন্তানের জন্ম হলে তার স্বামীর বিরুদ্ধে পকসো আইনে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছিলেন তিনি। এই ধরনের বিয়েতে পরিবারের ভূমিকা নিয়েও সতর্ক করেছিলেন অভিভাবকদের। বিয়ে সম্পন্ন করার কাজে যুক্ত পুরোহিত ও কাজিদেরও আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

oath taking to be done tomorrow in all government schools

এবার সচেতনতার ভিত মজবুত করতে শিক্ষাঙ্গনকে কাজে লাগাতে চাইছে সরকার। আগামী ২৭ নভেম্বর রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি অনুদানপ্রাপ্ত স্কুলে বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে। নির্ধারিত দিনে সমবেতভাবে শপথ পাঠ করবেন পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা। নাবালিকাদের বিয়ে দেওয়া কিংবা কারও ইচ্ছার বিরুদ্ধে বিয়েতে বাধ্য করার মতো ঘটনার বিরোধিতা করার অঙ্গীকার নেওয়া হবে সেখানে।

আরও পড়ুন :‘আপনারা ৫০% পেয়ে যাবেন নভেম্বরের মধ্যে..,’ বকেয়া DA নিয়ে বার্তা মলয় মুখোপাধ্যায়ের

কেন্দ্রের ‘বাল বিবাহ মুক্ত ভারত’ প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েই এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত। ইতিমধ্যে স্কুলগুলিতে পাঠানোর জন্য বাংলা ও ইংরেজি, দুই ভাষায় শপথের খসড়া তৈরি করা হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচারমূলক পোস্টার লাগানোর কথাও বলা হয়েছে। শুধু কর্মসূচি পালন করলেই দায়িত্ব শেষ হবে না। কোথায় কীভাবে অনুষ্ঠান হয়েছে, তার ছবি এবং লিখিত বিবরণ সংগ্রহ করে জেলাশাসকের দফতরে জমা দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক এই উদ্যোগের পাশাপাশি বিয়ের মরশুমে বাড়তি সতর্কতা অবলম্বন করতে চাইছে নারী ও শিশু কল্যাণ দফতর। তাদের পরিকল্পনা অনুযায়ী, রাজ্যের বিভিন্ন ব্লকে ১০০ দিন ধরে বিশেষ প্রচার চালানো হবে। অক্টোবরের শেষ দিক থেকে ডিসেম্বর পর্যন্ত বিয়ের অনুষ্ঠান বেশি হওয়ায় এই সময়টিকেই প্রচারের জন্য বেছে নেওয়া হয়েছে।

প্রচারের মাধ্যমে গ্রাম ও শহরের সাধারণ মানুষের কাছে বাল্যবিবাহ সংক্রান্ত আইনি বিধিনিষেধ পৌঁছে দেওয়া হবে। নাবালিকার বিয়ে দেওয়ার সঙ্গে জড়িত থাকলে কী ধরনের আইনি পরিণতি হতে পারে, সেই বিষয়টিও স্পষ্ট করা হবে। একইসঙ্গে কম বয়সে বিয়ের ফলে মেয়েদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি, মানসিক সুস্থতা এবং ভবিষ্যৎ সামাজিক জীবনে কী ধরনের সমস্যা তৈরি হতে পারে, তা তুলে ধরা হবে। নতুন প্রজন্মকে সচেতন করে এই সামাজিক কুপ্রথার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্য নিয়েছে রাজ্য।