বাংলা হান্ট ডেস্কঃ SIR-এর মাধ্যমে এতদিন ভোটার তালিকায় থাকা নাম যাচাই করেছে নির্বাচন কমিশন (Election Commission)। এবার ভোটারদের তথ্যে যাতে কোনও ভুল না থাকে, সেদিকে নজর দেওয়া হচ্ছে। তালিকায় থাকা কোনও ভোটারের তথ্যে অমিল পাওয়া গেলে ফের তাঁর বাড়িতে যাবেন বিএলওরা। ইতিমধ্যেই এই নিয়ে নতুন নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
কী নির্দেশ দিল নির্বাচন কমিশন (Election Commission)?
অনেকেরই ভোটার কার্ডে নামের বানান, জন্মতারিখ কিংবা বাবা-মায়ের নামে ভুল থাকে। কমিশনের বক্তব্য, আধার বা প্যান কার্ডে কোনও ভুল থাকলে তা সংশোধন করে নেওয়া হয়। কিন্তু ভোটার কার্ডের ক্ষেত্রে অনেক সময় সেই ভুল থেকেই যায়। এবার সেই সমস্ত ভুল ঠিক করতে উদ্যোগী হয়েছে কমিশন (Election Commission)।

নতুন নির্দেশ অনুযায়ী, এসআইআরের সময় ভোটারদের কাছ থেকে যে তথ্য সংগ্রহ করা হয়েছিল, তার সঙ্গে বর্তমান ভোটার তালিকার তথ্য মিলিয়ে দেখা হবে। কোনও অমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে তথ্য যাচাই করবেন বিএলওরা। নাম, বাবা-মায়ের নাম, জন্মতারিখ, ঠিকানা, মোবাইল নম্বর ও ছবি-সহ সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে।
আরও পড়ুনঃ সুস্থ হয়ে উঠছেন রেখা, কিন্তু কীভাবে ঘটল বিষক্রিয়া? ষড়যন্ত্রের সন্দেহ দিদির
তবে কম্পিউটারের মাধ্যমে কোনও ভুল ধরা পড়লেই সরাসরি ভোটার তালিকার তথ্য বদলে দেওয়া যাবে না। তার জন্য সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর নিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পরেই তথ্য সংশোধন করা যাবে।
এসআইআরে কত নাম বাদ পড়েছে?
কমিশনের (Election Commission) আগের হিসাব অনুযায়ী, বিহারের পর দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআরের সময় প্রায় সাড়ে ছয় কোটি নাম বাদ পড়েছিল। মৃত্যু, অন্যত্র চলে যাওয়া, খোঁজ না পাওয়া এবং একাধিক জায়গায় নাম থাকার কারণে এই নামগুলি বাদ দেওয়া হয়। এছাড়াও ১২ লক্ষ ৭০ হাজার নাম রয়েছে ‘অন্য’ তালিকায়। ফর্ম-৭ জমা দিয়ে আপত্তি জানানোয় প্রায় ৩৬ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল।
শুধু পশ্চিমবঙ্গেই তথ্যে অমিল থাকার কারণে প্রায় ২৭ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। তবে তাঁদের সুপ্রিম কোর্টের তৈরি আপিল ট্রাইবুনালে আবেদন করার সুযোগ রয়েছে।
উল্লেখ্য, এসআইআরের সময় বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করেছিলেন বিএলওরা। কর্মসূত্রে বাইরে থাকা ভোটারদের জন্য অনলাইনে ফর্ম পূরণের ব্যবস্থাও করা হয়েছিল। এবার তালিকায় নাম থাকা প্রত্যেক ভোটারের তথ্য যাতে সঠিক থাকে, সেটাই নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন (Election Commission)।












