বাংলা হান্ট ডেস্ক: হোয়াট্সঅ্যাপে (WhatsApp) বিয়ের নিমন্ত্রণপত্র পেয়ে তাতে দেওয়া লিঙ্কে ক্লিক করেছিলেন গুজরাতের (Gujarat) এক যুবক। ভেবেছিলেন, হয়তো বিয়ের অনুষ্ঠানের বিস্তারিত তথ্য জানা যাবে। কিন্তু সেই একটি ক্লিকই যে তাঁর জীবনের বড় আর্থিক বিপর্যয় ডেকে আনবে, তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। মুহূর্তের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ১০ লক্ষ টাকা। সাইবার প্রতারকদের অভিনব কৌশলের শিকার হয়ে সর্বস্বান্ত হন ওই যুবক (Digital Fraud)।
হোয়াটসঅ্যাপে (WhatsApp) আসা বিয়ের আমন্ত্রণপত্রের লিঙ্ক ক্লিক করতেই এক যুবকের উধাও ১০ লক্ষ টাকা!
ঘটনাটি প্রকাশ্যে আসার পর তদন্তে নামে সুরাট পুলিশ। অভিযোগকারীর বয়ান এবং ডিজিটাল তথ্য খতিয়ে দেখে তদন্তকারীরা জানতে পারেন, একটি অচেনা নম্বর থেকে হোয়াট্সঅ্যাপে বিয়ের কার্ড পাঠানো হয়েছিল তাঁকে। সেই কার্ডের সঙ্গে লেখা ছিল, ‘এই বিয়েতে আপনার আমন্ত্রণ রইল। সপরিবার আসবেন।’ পাশাপাশি দেওয়া হয়েছিল একটি লিঙ্ক। আমন্ত্রণ সম্পর্কে বিস্তারিত জানতে ওই লিঙ্কে ক্লিক করতে বলা হয়েছিল। কিন্তু লিঙ্কে ক্লিক করতেই বিপদে পড়েন যুবক। অভিযোগ, সাইবার অপরাধীরা তাঁর ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাঙ্ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেয়। তার পরেই অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয় ১০ লক্ষ টাকা (WhatsApp)।
আরও পড়ুন: পঞ্চায়েতের কাজে গতি আনতে মাস্টারস্ট্রোক! কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা দিলীপের
তদন্তে নেমে ওই টাকা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, তার সূত্র ধরে এক ব্যক্তির সন্ধান পান পুলিশ আধিকারিকেরা। তাঁর নাম দেবেন্দ্র মালিক। উত্তরপ্রদেশের বিজনৌরের বাসিন্দা দেবেন্দ্রকে শেষ পর্যন্ত সেই রাজ্যের পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে সুরত পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই প্রতারণা চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দেবেন্দ্রর। টাকার বিনিময়ে সাইবার অপরাধীদের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে দিতেন তিনি। প্রতারণার মাধ্যমে হাতানো টাকা প্রথমে জমা পড়ত তাঁর অ্যাকাউন্টে। এরপর মোট টাকার ২০ শতাংশ কমিশন হিসেবে নিজের কাছে রেখে বাকি টাকা পৌঁছে দিতেন চক্রের অন্য সদস্যদের কাছে।

আরও পড়ুন: হয় আমেরিকা ছাড়তে হবে, নইলে চাকরি! IBM-এর কড়া নির্দেশে বিপাকে ভারতীয় কর্মীরা
কাদের সঙ্গে যোগাযোগ রেখে এই কাজ করতেন দেবেন্দ্র, কীভাবে তাঁর অ্যাকাউন্ট ব্যবহার করা হত এবং এই প্রতারণা চক্রের পিছনে আর কারা রয়েছে, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। পাশাপাশি আরও কোনও ব্যক্তি এই চক্রের শিকার হয়েছেন কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। অচেনা নম্বর থেকে আসা বিয়ের কার্ড বা অন্য কোনও আমন্ত্রণের লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক থাকার প্রয়োজনীয়তা ফের একবার সামনে আনল এই ঘটনা (WhatsApp)।












