বাংলা হান্ট ডেস্কঃ বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে চর্চা তুঙ্গে সরকারি কর্মীদের। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পঞ্চম পে কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার অংশ মেটাতে শুরু করেছে। তবে সরকারি কর্মীদের তরফে অভিযোগ উঠছে, ডিএ মেটাতে সরকার সঠিক হিসেব করছে না। নিজেদের প্রাপ্য টাকার তুলনায় অনেক কম পাওয়ার অভিযোগ তাদের। এই নিয়ে ইন্দু মলহোত্র কমিটির দ্বারস্থ হতে চাইছে সরকারি কর্মচারী সংগঠনগুলি।
বকেয়া ডিএ নিয়ে জট, অপেক্ষায় মনিটরিং কমিটির বৈঠকে | Dearness Allowance
এই ইস্যুতে বারংবার কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় অভিযোগ করেছেন, ০১. ০৪.০৮ থেকে ৩১.১২.১৫ পর্যন্ত ডিএ দেওয়া শুরু হয়েছে। কিন্তু ৬০৫ AICPI ধরে ক্যালকুলেশন করার ফলে ০১. ০৪. ০৮ থেকে ৩১.১২.১১ পর্যন্ত ডিএ শূন্য দেখানো হয়েছে।

তার অভিযোগ, ‘সরকারের ক্যালকুলেশন অনুসারে স্বাভাবিক নিয়মেই ০১. ০৪.০৮ থেকে ৩১.১২.১৫ পর্যন্ত যে বকেয়া ডিএ-টা দেওয়া শুরু হয়েছে সেটা অনেকটাই কম হবে। AICPI অনুসারে ডিএ না দিয়ে সরকার তাদের নিজস্ব ইচ্ছা, ভঙ্গিতে ডিএ-টা কম দেখাতে গিয়ে মাইনাস হয়ে গেছে। ডিএ-টা যেহেতু বেতনের অংশ তাই বেতনটা কমিয়ে দিতে পারেনা সরকার, সেটা বুঝতে পেরে ডিএ বলেছে শূন্য।’
কর্মচারী ও পেনশনভোগীদের বড় অংশের অভিযোগ, ২০০৮ সালের এপ্রিল মাস থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ-র প্রাপ্য টাকার তুলনায় অনেক কম টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, নভেম্বর মাসের মধ্যে সরকারি কর্মচারীদের সুপ্রিম কোর্টের নির্দেশমতো বকেয়া ডিএ মিটিয়ে দেবে। আমরা খবর পেলাম অনেকের টাকা ঢুকতে শুরু করেছে। কিন্তু সবারই অভিযোগ এত কম টাকা কেন!”
তার অভিযোগ, “সরকার হিসাবে কি কোনও গরমিল করছে। সবচেয়ে বড় প্রশ্ন, শিক্ষক-শিক্ষাকর্মী ও গ্রান্ট ইন এড কর্মীদের ব্যাপারে সরকার এত নির্বিকার কেন? ” কতদিন তাদের সঙ্গে বঞ্চনা করা হবে সেই প্রশ্ন তুলেছেন তিনি। একই রকম অভিযোগ সরকারি কর্মচারীদের অন্যান্য সংগঠনগুলিরও। আগামী ১৪ ডিসেম্বর মনিটরিং কমিটির বৈঠকে কী হয় সরকারি কর্মীদের নজর এখন সেদিকে।












