বাংলা হান্ট ডেস্কঃ ভোটের আগে রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন (Nabanna)। শুক্রবার একসঙ্গে একাধিক আইএএস ও ডব্লিউবিএস এক্সিকিউটিভ অফিসারকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। বদলি করা হয়েছে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক (এডিএম) এবং এসডিও স্তরের বহু আধিকারিককেও। প্রশাসনের বিভিন্ন স্তরে এই পরিবর্তন নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে।
কোন কোন পদে বদল করল নবান্ন (Nabanna)
সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে কলকাতা পুরসভায়। অংশুল গুপ্তাকে কলকাতা পুরসভার নতুন কমিশনার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কলকাতা উত্তরের জেলা নির্বাচন আধিকারিকের দায়িত্বও দেওয়া হয়েছে। অন্যদিকে বর্তমান কমিশনার সুমিতা গুপ্তাকে ডিএলআরএস পদে নিয়োগ করা হয়েছে।
নদিয়া জেলাতেও বড় পরিবর্তন আনা হয়েছে। ডব্লুবিএসআইডিসিএলের এমডি নিখিল নির্মলকে নদিয়ার নতুন জেলাশাসক করা হয়েছে। আর নদিয়ার বর্তমান জেলাশাসক অনীশ দাশগুপ্তকে পাঠানো হয়েছে বাঁকুড়ার জেলাশাসক হিসেবে।
আলিপুরদুয়ার জেলার নতুন জেলাশাসক হয়েছেন অভিজিৎ তুকারাম। এর আগে তিনি প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের বিশেষ সচিব ছিলেন। অন্যদিকে উত্তর ২৪ পরগনার নতুন জেলাশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিয়াদ এন। তিনি এতদিন বাঁকুড়ার জেলাশাসক ছিলেন। এছাড়া উত্তর দিনাজপুরেও প্রশাসনিক পরিবর্তন হয়েছে। সেখানকার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনাকে কেএমডিএ-র সিইও করা হয়েছে। আর পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনের সদস্য সচিব তনভির আফজলকে উত্তর দিনাজপুরের নতুন জেলাশাসক করা হয়েছে।
শুধু জেলাশাসক স্তরেই নয়, অতিরিক্ত জেলাশাসক (এডিএম) এবং এসডিও স্তরেও একাধিক আধিকারিককে বদলি করা হয়েছে বলে সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই প্রশাসনিক রদবদলে রাজ্যপালও সম্মতি দিয়েছেন। সংশ্লিষ্ট আধিকারিকরা নতুন দায়িত্ব গ্রহণ করার দিন থেকেই এই নির্দেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা বহাল থাকবে।

আরও পড়ুনঃ কতদিন পর রান্নার গ্যাস বুকিং করতে পারবেন? মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে নতুন নিয়ম ভারতে
উল্লেখ্য, গত বছরের শেষ দিকেও রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করা হয়েছিল। সেই সময় কলকাতা পুরসভার কমিশনারসহ একাধিক জেলার জেলাশাসক ও অতিরিক্ত জেলাশাসকদের বদলি করা হয়। প্রশাসনের একাংশের মতে, খুব শিগগিরই রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা হতে পারে। তার পরেই কার্যকর হয়ে যাবে আদর্শ আচরণবিধি। সেই কারণেই ভোট ঘোষণার আগেই নবান্ন (Nabanna) তরফে এই প্রশাসনিক রদবদল করা হয়েছে বলে মনে করা হচ্ছে।












