বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার রাখিবন্ধন উৎসবে মেতে উঠেছে রাজ্যের হাজার হাজার মানুষ। সেই উৎসবে শামিল হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। এদিন মুখ্যমন্ত্রীর হাতে রাখি বেঁধে দেন তিনি। এরপর সেই ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দেন রাজ্যের মন্ত্রী।
‘প্রিয় দাদা’ শুভেন্দু অধিকারীকে রাখি পরালেন অগ্নিমিত্রা | (Agnimitra Paul)
এদিন সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। সেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর হাতে রাখি বাঁধছেন তিনি। ক্যাপশনে লেখা, “রাখিবন্ধনের পবিত্র বন্ধনে আজ আমার প্রিয় দাদা শুভেন্দু অধিকারীর হাতে রাখি পরিয়ে দিতে পেরে অত্যন্ত ভালোলাগল।“
আরও পড়ুনঃ রেশন কার্ড সঙ্গে না থাকলেও মিলবে চাল-গম! কীভাবে? সহজ পদ্ধতি জানুন
মন্ত্রী লিখেছেন, জীবনের সব গুরুত্বপূর্ণ পথচলায় শুভেন্দুর স্নেহ, পরামর্শ তাঁর কাছে সবসময় বিশেষ। তাঁদের এই ভাই-বোনের সুন্দর সম্পর্ক চিরকাল অটুট থাকুক, সেই আশাও প্রকাশ করেছেন তিনি।
অগ্নিমিত্রার কথায়, “জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ পথচলায় দাদার স্নেহ, পরামর্শ ও দিকনির্দেশনা আমার কাছে সবসময়ই বিশেষ। আমাদের এই সুন্দর সম্পর্ক ও ভালোবাসার বন্ধন চিরকাল অটুট থাকুক।“
এদিকে রাজ্যে পালাবদলের পর মহাসমারোহে রাখিবন্ধন উৎসব উদযাপিত হচ্ছে। এর জন্য রাজ্য সরকারের তরফে প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গোটা বাংলা জুড়ে ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি সরবরাহ করা হয়েছে। শুধু এই রাখি বাবদ রাজ্যের ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা খরচ হয়েছে।

এদিন সকাল ১০টা নাগাদ কলকাতার নজরুল মঞ্চে রাজ্যস্তরের রাখিবন্ধন উৎসব পালিত হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে। কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত এই উৎসবে যোগ দিয়েছিল প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী।
এবার রাখিবন্ধনের এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রীর হাতে রাখি বাঁধার ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁদের এই ছবি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন হাজার হাজার মানুষ।













