প্রজাতন্ত্র দিবসে নাশকতার আশঙ্কা, এআই সানগ্লাসে সন্দেহভাজন ধরবে দিল্লি পুলিশ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক: প্রজাতন্ত্র দিবসের (Republic Day) অনুষ্ঠানে অশান্তি ছড়ানোর ছক কষছে ভারত–বিরোধী বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন ও পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী— এমন সতর্কবার্তা প্রায় প্রতিদিনই স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পৌঁছচ্ছে গোয়েন্দা সূত্র মারফত। এই পরিস্থিতিতে ২৬ জানুয়ারি দিল্লির কর্তব্যপথে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ভিভিআইপি রাষ্ট্রপ্রধান ও বিদেশি অতিথিদের উপস্থিতিতে যাতে কোনও ধরনের নাশকতার ঘটনা না ঘটে, তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ দিল্লি পুলিশের কাছে। সেই লক্ষ্যেই এবার নিরাপত্তা ব্যবস্থায় একেবারে নতুন প্রযুক্তির উপর ভরসা করছে রাজধানীর পুলিশ।

প্রজাতন্ত্র দিবসে (Republic Day) নাশকতার ছক বানচাল করতে অস্ত্র AI সানগ্লাস

এ বছর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে আমন্ত্রিতদের ভিড়ের মধ্যে কোনও সন্দেহভাজন জঙ্গি বা অপরাধী লুকিয়ে থাকলে তাকে মুহূর্তের মধ্যেই শনাক্ত করতে ব্যবহার করা হবে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই প্রযুক্তি নির্ভর বিশেষ সানগ্লাস। এই অত্যাধুনিক সানগ্লাসে সংযুক্ত থাকছে ফেশিয়াল রেকগনিশন সিস্টেম ও একাধিক সেন্সর, যা ভিড়ের মধ্যে থাকা ব্যক্তিদের মুখের গঠন ও বৈশিষ্ট্য স্ক্যান করতে সক্ষম। পুলিশের দাবি, কোনও ব্যক্তির দিকে তাকানো মাত্রই তার স্ক্যানড ছবি পৌঁছে যাবে পুলিশের কন্ট্রোল রুমে।

আরও পড়ুন: বড়সড় নাশকতার ছক? প্রজাতন্ত্র দিবসের আগেই জম্মু কাশ্মীরে যৌথ সেনা অভিযান, নিকেশ জইশ জঙ্গি

দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে আগে থেকেই সংরক্ষিত রয়েছে প্রায় ৬৫ হাজার সন্দেহভাজন ও দাগি অপরাধীর ডেটাবেস। কর্তব্যপথে উপস্থিত কোনও ব্যক্তির স্ক্যানড চেহারার সঙ্গে এই ডেটাবেসে থাকা তথ্যের সামান্যতম মিল পাওয়া গেলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে হেফাজতে নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সূত্র। এমনকি কেউ যদি ছদ্মবেশে থাকে, টুপি, মাস্ক বা পরচুলা ব্যবহার করে পরিচয় লুকোনোর চেষ্টা করে, তাহলেও এআই প্রযুক্তি সেই ছলচাতুরি ধরতে পারবে বলে দাবি পুলিশের।

দিল্লি পুলিশের এসিপি দেবেশ কুমার মহলা জানিয়েছেন, অত্যাধুনিক এই প্রযুক্তির সাহায্যে ২০ বছর আগের কোনও অপরাধী বা সন্দেহভাজনকেও শনাক্ত করা সম্ভব। তাঁর কথায়, “এআই নির্ভর সানগ্লাস এমনভাবে ডিজাইন করা হয়েছে যে মুখের গঠনে সামান্য পরিবর্তন হলেও তা শনাক্ত করতে পারে। ফলে ছদ্মবেশ কোনও কাজেই আসবে না।” পুলিশের মতে, বড় জমায়েতের ক্ষেত্রে এই প্রযুক্তি নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে।

AI-powered sunglasses to thwart sabotage plots on Republic Day.

আরও পড়ুন: ভোটার তালিকায় নাম নিয়ে সমস্যা? জানুন নথি জমা ও শুনানির নতুন নিয়ম

প্রজাতন্ত্র দিবসের দিন রাজধানীর নিরাপত্তা আরও জোরদার করতে দিল্লির রাস্তায় মোতায়েন থাকবেন প্রায় ১০ হাজার পুলিশকর্মী। গোটা দিল্লিকে মুড়ে ফেলা হবে ত্রি-স্তরীয় নিরাপত্তা বলয়ে, যার মধ্যে থাকবে সশস্ত্র বাহিনী, আধাসামরিক বাহিনী ও বিশেষ কমান্ডো ইউনিট। আকাশপথে নজরদারির পাশাপাশি ড্রোন ও সিসিটিভির মাধ্যমেও চলবে সার্বক্ষণিক পর্যবেক্ষণ। সব মিলিয়ে, যেকোনও ধরনের নাশকতার চেষ্টা রুখে দিতে প্রযুক্তি ও মানববলের সমন্বয়ে প্রস্তুত দিল্লি পুলিশ।