বাংলাহান্ট ডেস্ক : ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতা সফরে এসেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। আর বাংলায় এসেই কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই কামব্যাকের ঘোষণা সেরে ফেললেন তিনি। ইডিকে হারিয়েছেন, এবার বিজেপিকেও হারাবেন মমতা, এমনই বক্তব্য শোনা গেল মুলায়ম পুত্রের মুখে।
কলকাতা সফরে এসে মুখ্যমন্ত্রীকে নিয়ে ঘোষণা অখিলেশের (Akhilesh Yadav)
সোমবার কলকাতায় এসে পৌঁছেছেন অখিলেশ যাদব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুধু ‘দিদি’ বন্দনা নয়, আইপ্যাক ইস্যুতেও বিরোধীদের খোঁচা দিয়েছেন সপা প্রধান। গত ৮ জানুযারী আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডি তল্লাশির সময় অভিযোগ ওঠে, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বেশ কিছু ফাইল বের করে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও একটি পেনড্রাইভ নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।

ইডি নিয়ে কটাক্ষ: এবার রাজ্যে বিরোধীদের কটাক্ষ শানিয়ে অখিলেশ বলেন, ওই পেনড্রাইভের যন্ত্রণা এখনও ভুলতে পারেনি বিজেপি। তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় এজেন্সিকে হাতিয়ার করে বিরোধীদের দমানোর চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই চ্যালেঞ্জ নিয়ে ইডিকে পিছু হটতে বাধ্য করেছেন।
আরও পড়ুন : ফেব্রুয়ারিতেই হাই ভোল্টেজ রাজনৈতিক সংঘাত? মুখ্যমন্ত্রীর দিল্লি সফর ঘিরে বাড়ছে জল্পনা
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন: রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে অখিলেশ যাদবকে (Akhilesh Yadav)। তাঁর কথায়, কমিশন বা কেন্দ্রীয় সংস্থা, কাউকেই ভয় পাচ্ছে না তৃণমূল। ছাব্বিশে আবারও দিদিই ফিরবেন।
আরও পড়ুন : ‘খ্যাতি চাই না’, বিয়ে বিতর্কের মাঝেই মুখ খুললেন হিরণের দ্বিতীয় স্ত্রী
প্রসঙ্গত, অখিলেশ যাদবের কলকাতায় আসা মূলত পারিবারিক সফর হলেও রাজনৈতিক দিক দিয়েই এর গুরুত্ব রয়েছে বলে মনে করা হচ্ছে। এই সফরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাৎ হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর তা নির্বাচনী আবহে রাজ্য তথা জাতীয় রাজনীতির জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ হবে বলেই মত ওয়াকিবহাল মহলের।












