বাংলাহান্ট ডেস্ক : বর্ষশেষে উৎসবের মাসে কমল মদের (Alcohol) বিক্রি। আশ্চর্যজনক ভাবে গত ডিসেম্বর মাসে বাংলা জুড়ে ২০ শতাংশের বেশি পরিমাণ মদের বিক্রি কমে গিয়েছে। সম্প্রতি আবগারি দফতরের রিপোর্টে ধরা পড়েছে এমনই পরিসংখ্যান। গত নভেম্বর মাসে আবগারি দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয় যে, ৭৫০ মিলিলিটার বিদেশি মদের বোতলে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত দাম বাড়বে। অন্যদিকে ১৮০ মিলিলিটারের বোতলের ক্ষেত্রে বোতল প্রতি ১০ টাকা দাম বৃদ্ধি করা হবে। সেই মতো ১ ডিসেম্বর থেকে প্রায় সব ধরণের মদের (Alcohol) দাম বাড়িয়ে দেয় রাজ্য আবগারি দফতর। আর তারপরেই এই রিপোর্ট।
ডিসেম্বরে রাজ্য জুড়ে কমল মদ (Alcohol) বিক্রি
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, জানুয়ারি মাসে রাজ্যে ডিসেম্বর মাসের জেলাভিত্তিক মদ বিক্রির হিসেব করার সময় দেখা গিয়েছে, নভেম্বরের তুলনায় ২০ শতাংশের বেশি পরিমাণ মদের বিক্রি কমে গিয়েছে। অথচ ডিসেম্বর মাসেই মদ বিক্রি হয় সবথেকে বেশি। বড়দিনের ছুটির জন্য বিভিন্ন পর্যটন কেন্দ্র সহ কলকাতা এবং রাজ্যের বিভিন্ন মফস্বল শহরগুলিতেও মদ বিক্রির পরিমাণ থাকে রেকর্ড।

কত মদ বিক্রি হয়েছে ডিসেম্বরে: তবে গত ডিসেম্বরের ছবিটা অন্য রকম। মদের দাম বৃদ্ধির পরেই নভেম্বরের তুলনায় ডিসেম্বরে বিক্রির পরিমাণ কমেছে অনেকটাই। আবগারি দফতর সূত্রে খবর, ডিসেম্বর মাসে রাজ্য জুড়ে দেশি মদ বিক্রি হয়েছে ৪৮,২৩,৭০৩১ বোতল। আর নভেম্বর মাসে বিক্রি হয়েছিল ১,২০,৫৯,২৫৭ বোতল, যা ২৫ শতাংশ বেশি। কেন এই পরিস্থিতি?
আরও পড়ুন: হু হু করে বাড়ল নম্বর, বছরের শুরুতেই ছক্কা হাঁকাল জলসা, প্রথম স্থানে কে?
কেন কমল বিক্রি: আবগারি দফতরের এক আধিকারিক এ বিষয়ে বলেন, বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নতুন দাম কার্যকর হওয়ার আগে পর্যন্ত ৩০ নভেম্বর অবধি পুরনো দামেই মজুত মদ (Alcohol) বিক্রি করতে পারবেন বিক্রেতারা। কিন্তু সময়সীমা পেরিয়ে যাওয়ার পর পুরনো দামে আর তা বিক্রি করা যাবে না। নির্দেশ অমান্য করলে জরিমানা থেকে লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে।
আরও পড়ুন : নেই নির্দিষ্ট চিকিৎসা, চড়া মৃত্যুহার, নিপা থেকে বাঁচতে কোন মাংস ছোঁবেন না?
ওই আধিকারিক আরও জানান, বিজ্ঞপ্তি প্রকাশের পরেই নভেম্বর মাসেই মদ কিনে মজুত করতে শুরু করেছিলেন সুরাপ্রেমীরা। যার ফলে ডিসেম্বরে বিক্রিতে প্রভাব পড়েছে। যদিও আবগারি দফতরের আশা, মদের দাম বৃদ্ধির ফলে ২০২৫-২৬ অর্থবর্ষে প্রায় ৪০০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব সংগ্রহ হবে।












