হুমকি থেকে শুরু করে ছোড়া হল বিয়ারের বোতল! বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার অভিযোগ

Published on:

Published on:

Allegation of attack on Bikash Ranjan Bhattacharya residence
Follow

বাংলা হান্ট ডেস্ক : ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বিকট শব্দে সিপিআইএম নেতা তথা প্রাক্তন সংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) বাড়িতে হামলা। বাইপাস লাগোয়া এলাকায় তাঁর বাড়ির দিকে রাস্তা থেকে বিয়ারের বোতল ছোড়ার অভিযোগ উঠেছে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার জেরে বাড়ির একাধিক কাচের জানলা ভেঙেছে বলে দাবি করেছেন তিনি। ভাঙচুর করা হয়েছে একটি সিসিটিভি ক্যামেরাও। ঘটনার সময় বাড়িতেই ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।

বিকাশরঞ্জন ভট্টাচার্যের (Bikash Ranjan Bhattacharya) বাড়িতে হামলা

বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, মোটরসাইকেলে চেপে কয়েকজন ব্যক্তি সেখানে আসে। প্রত্যেকের মুখ ঢাকা ছিল বলে দাবি তাঁর। বাড়ির সামনে এসে তাঁকে উদ্দেশ করে গালিগালাজ করার পর শুরু হয় বোতল ছোড়া। তাঁর দাবি, হামলাকারীরা হুমকিও দিয়ে যায়। শুধু বাড়ির ক্ষয়ক্ষতিই নয়, গোটা ঘটনার নেপথ্যে থাকা উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন সিপিআইএমের এই আইনজীবী নেতা। রাজনৈতিক কারণে হামলা হয়েছে, নাকি আইনজীবী হিসেবে তাঁর পেশাগত কাজকে কেন্দ্র করে কোনও আক্রোশ তৈরি হয়েছিল—এই মুহূর্তে তা স্পষ্ট নয়। ঘটনার পর পূর্ব যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

বিকাশরঞ্জনের দাবি, হামলাকারীরা তাঁকে উদ্দেশ করে বলে, ‘আমাদের পিছনে লাগতে আসবি না৷’ এই হুমকির পর নিজের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন সাংসদ। তিনি জানিয়েছেন, এবার কলকাতার নগরপালের কাছে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স চাওয়ার কথা ভাবছেন। ভবিষ্যতে একই ধরনের হামলা হলে পাল্টা জবাব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

Allegation of attack on Bikash Ranjan Bhattacharya residence

আরও পড়ুন : সরকারি কর্মীদের অপেক্ষার ফল! ফের DA বৃদ্ধি করছে সরকার, এবার ৩ শতাংশ বাড়ানোর ইঙ্গিত

এখন সবচেয়ে বড় প্রশ্ন, কারা এই হামলা চালাল এবং কেনই বা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িকেই নিশানা করা হল? রাজনৈতিক কোনও যোগ রয়েছে, নাকি অন্য কোনও কারণ—তা এখনও নিশ্চিত নয়। পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পর ঘটনার প্রকৃত কারণ এবং হামলাকারীদের পরিচয় সামনে আসে কি না, এখন সেদিকেই নজর।