বাংলাহান্ট ডেস্ক: বছরের শুরুতেই কর্মীদের জন্য অশনিসংকেত। ফের বড়সড় চাকরি সঙ্কটের মুখে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন (Amazon) । সংস্থার অন্দরমহলের খবর অনুযায়ী, খুব শীঘ্রই দ্বিতীয় দফায় ব্যাপক কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করতে পারে অ্যামাজন। আগামী সপ্তাহেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে জানা গিয়েছে। সম্ভাব্য এই ছাঁটাইয়ে ১৪ থেকে ১৬ হাজার কর্মীর চাকরি ঝুঁকির মুখে পড়তে চলেছে।
বছরের শুরুতেই বড়সড় কর্মী ছাঁটাই অ্যামাজনে (Amazon)
গত বছরের অক্টোবর মাসেই প্রথমবার শোনা গিয়েছিল, অ্যামাজন প্রায় ৩০ হাজার কর্পোরেট কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। সেই পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে প্রায় ১৪ হাজার কর্মীকে ইতিমধ্যেই ছাঁটাই করা হয়েছে। এবার শুরু হতে চলেছে দ্বিতীয় ধাপ। সূত্রের খবর, নতুন করে আরও ১৪ থেকে ১৬ হাজার কর্মীকে সংস্থা থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। অর্থাৎ, মোট ছাঁটাইয়ের সংখ্যা শেষ পর্যন্ত ৩০ হাজারের গণ্ডি ছুঁতে পারে।
আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে নাশকতার আশঙ্কা, এআই সানগ্লাসে সন্দেহভাজন ধরবে দিল্লি পুলিশ
এর আগেও বড় আকারে কর্মী সংকোচনের পথে হেঁটেছে অ্যামাজন। ২০২৩ সালে একাধিক ধাপে প্রায় ২৭ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল সংস্থাটি। বিশ্বব্যাপী প্রযুক্তি ও ই-কমার্স শিল্পে মন্দা, ব্যয় সংকোচনের কৌশল এবং সংগঠন পুনর্গঠনের অজুহাতে সেই সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চলতি বছরেও সেই একই কারণ দেখিয়ে ফের কর্মী সংখ্যা কমানোর পথে হাঁটছে সংস্থাটি, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইতিমধ্যেই এক থেকে দুই হাজার কর্মীকে ‘ওয়ার্ন নোটিস’ বা WARN notices পাঠানো হয়েছে। এই নোটিসের মাধ্যমে কর্মীদের আগাম জানিয়ে দেওয়া হয় যে তাঁদের পদ বাতিল হতে পারে। এই ইঙ্গিত থেকেই স্পষ্ট, ছাঁটাইয়ের প্রক্রিয়া কার্যত শুরু হয়ে গিয়েছে এবং আনুষ্ঠানিক ঘোষণা শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসে নাশকতার আশঙ্কা, এআই সানগ্লাসে সন্দেহভাজন ধরবে দিল্লি পুলিশ
এবারের ছাঁটাইয়ে মূলত উচ্চপদস্থ এবং কর্পোরেট স্তরের কর্মীরাই বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে জানা যাচ্ছে। অ্যামাজনের পিপল এক্সপেরিয়েন্স অ্যান্ড টেকনোলজি ডিভিশন এবং মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স টিম থেকেই বেশি সংখ্যক কর্মী ছাঁটাই করা হতে পারে। বছরের শুরুতেই এই খবরে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে অ্যামাজনে কর্মরত হাজার হাজার কর্মীর মধ্যে, পাশাপাশি গোটা প্রযুক্তি শিল্পেই ফের ছাঁটাইয়ের আশঙ্কা দানা বাঁধছে।












