বাংলাহান্ট ডেস্ক : আজ বাদে কাল কালীপুজো। সারা দেশ মেতে উঠবে আলোর উৎসব দীপাবলির আনন্দে। দুর্গাপুজোর মতো কালীপুজোতেও উৎসাহী মানুষজনের ভিড় দেখা যায়। বিশেষ বারাসত, মধ্যমগ্রাম, নৈহাটিতে দর্শনার্থীদের ভিড় হয় দেখার মতো। সবাই যাতে নির্বিঘ্নে ঠাকুর দেখে বাড়ি ফিরতে পারে তার জন্য এবার অতিরিক্ত মেট্রো (Kolkata Metro) পরিষেবার ঘোষণা করল কর্তৃপক্ষ।
কালীপুজোয় অতিরিক্ত মেট্রো (Kolkata Metro) পরিষেবা
ঠাকুর দেখার পাশাপাশি এদিন কালীঘাট, দক্ষিণেশ্বরেও পুজো দেওয়ার জন্য ভিড় করেন অনেকে। তাই রবিবার কালীপুজোর দিন ব্লু লাইন, গ্রিন লাইনে মিলবে অতিরিক্ত পরিষেবা। প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সূচিতেও থাকছে বদল। জানা যাচ্ছে, এদিন ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৫২ টি পরিষেবা চালানো হবে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো মিলবে সকাল ৭ টা ৫৪ নাগাদ। শহিদ ক্ষুদিরাম থেকে নোয়াপাড়াগামী প্রথম মেট্রো সকাল ৯ টার বদলে মিলবে সকাল ৮ টায়। মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো পরিষেবা ১ ঘন্টা আগে পাওয়া যাবে। সকাল ৯ টার বদলে মিলবে সকাল ৮ টায়।

ব্লু লাইনে সময়সূচী বদল: প্রথম মেট্রোর পাশাপাশি ব্লু লাইনের শেষ মেট্রো পরিষেবার সূচিতেও এসেছে বদল। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার শেষ মেট্রো (Kolkata Metro) রাত ১০ টা ৪০ এ। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার শেষ পরিষেবা মিলবে রাত ১১ টায়। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জগামী শেষ মেট্রোও মিলবে রাত ১১ টায়।
আরও পড়ুন : দীপাবলিতে ট্রেনের কনফার্ম সিট পেতে কাজে আসবে এই ৪টি অ্যাপ!
গ্রিন লাইনে সময় বদল: গ্রিন লাইনে রবিবার মোট ১২৩ টি পরিষেবা মিলবে আপ ডাউন মিলিয়ে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ যাওয়ার প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮ টায়। শেষ মেট্রো রাত ১১ টায়। সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান যাওয়ার প্রথম মেট্রো মিলবে সকাল ৮ টা ২ নাগাদ। শেষ মেট্রো পরিষেবা মিলবে রাত ১১ টায়।
আরও পড়ুন : দীপাবলিতে একাধিক রাজ্যে বন্ধ মদের দোকান! কোথায় কোথায় ড্রাই ডে ঘোষণা?
ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া-জয় হিন্দ বিমানবন্দর রুটে রবিবার আপ ডাউন মিলিয়ে মোট ৭৮ টি পরিষেবা পাওয়া যাবে। প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সূচিতে অবশ্য কোনও বদল থাকছে না। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর যাওয়ার প্রথম মেট্রো মিলবে সকাল ৯ টা ১৮ নাগাদ। শেষ মেট্রো মিলবে রাত ৯ টায়। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া যাওয়ার প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯ টা ৪০ এ। শেষ মেট্রো ছাড়বে রাত ৯ টা ২০ তে। পার্পল ও অরেঞ্জ লাইনে চলবে না কোনও মেট্রো।












