বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ২০১৩ সালের যে সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটকে চিরতরে বিদায় জানিয়েছিলেন ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকার, সেই সিরিজেই টেস্ট ফরম্যাটে অভিষেক ঘটেছিল ২৩ বছর বয়সী প্রতিভাবান ফাস্ট বোলার মহম্মদ সামির (Md. Shami)। ঠিক ১৩ বছর পরে ২০২৬ সালে সেই একই দিনে বৃহত্তম ফরম্যাট থেকে নিজের অবসর ঘোষণা করলেন ভারতীয় দলের (Indian Cricket Team) ইতিহাসে অন্যতম সেরা পেসারে পরিণত হওয়া এই তারকা।
নিজের প্রথম টেস্ট তিনি খেলেছিলেন সেই রাজ্যের মাটিতেই যেখানে ঘরোয়া ক্রিকেট খেলে তিনি নিজেকে এক অন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিলেন। কলকাতার ইডেন গার্ডেন্স বিষাক্ত রিভার্স সুইংয়ের সাহায্যে সেদিন দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের নাস্তানাবুদ করেছিলেন সামি। তারপর মাঝের সময়টা তিনি সাক্ষী থেকেছেন ভারতের একাধিক স্মরণীয় টেস্ট জয়ের।

২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষবার বল হাতে মাঠে নেমেছিলেন সামি। সেই ম্যাচেও দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি, কিন্তু দলকে জেতাতে পারেননি। তারপর গৌতম গম্ভীরের সময়ে আর টেস্ট ফরম্যাটে মাঠে নামা হয়নি তার টানা তিন বছর ধরে। মনে অভিমান থাকলেও মুখ বন্ধই রেখেছেন শেষ দিন অবধি। তাই এই যাত্রায় ইতি টেনে সামি অবশেষে বলেছেন, “যখন আমি প্রথম ভারতের টেস্ট জার্সি পরেছিলাম, তখন আমার একটাই স্বপ্ন ছিল, তা হলো দেশের জন্য কিছু অর্জন করা। এরপর প্রতিটি উইকেট, প্রতিটি লড়াই, প্রতিটি চোট এবং প্রতিটি প্রত্যাবর্তন আমাকে কিছু না কিছু শিখিয়েছে। টেস্ট ক্রিকেট আমার কাছে কেবল একটি ফরম্যাট নয়, বরং এটি আমার জীবনের একটি অত্যন্ত বিশেষ অংশ হয়ে উঠেছিল।”
আরও পড়ুন: এবার ভারতীয় T20 দলের অধিনায়ক শ্রেয়সকে নিয়ে মুখ খুললেন ODI ক্যাপ্টেন শুভমান গিল! করলেন বড় মন্তব্য
তবে টেস্ট থেকে অবসর নিলেও বাংলার হয়ে রঞ্জি খেলা চালিয়ে যাবেন তিনি। নিজের বিদায়ী বার্তায় ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশাপাশি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, “আমি বিসিসিআই এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে ধন্যবাদ জানাই, যারা আমার প্রতিভার ওপর আস্থা রেখেছিল। তারা আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল এবং আমার ক্রিকেট যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আপনাদের সমর্থন ও বিশ্বাস আমার কাছে চিরকাল বিশেষ হয়ে থাকবে। যদিও টেস্ট ক্রিকেটে আমি আমার শেষ বলটি করে ফেলেছি, তবুও ভারতের হয়ে খেলার গর্ব আমি চিরকাল আমার হৃদয়ে বহন করব। ধন্যবাদ, টেস্ট ক্রিকেট।”
আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপের আগে এই তারকার ফর্মে না থাকা চিন্তা বাড়াচ্ছে গম্ভীরের! উঠছে ভবিষ্যৎ নিয়ে প্রশ্নও
এরপর সামি আরও বলেছেন, “আজ, ভারাক্রান্ত হৃদয়ে এবং অসংখ্য সুন্দর স্মৃতি সঙ্গে নিয়ে, আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। আমার সকল সতীর্থ, কোচ, পরিবারের সদস্য এবং কোটি কোটি ভারতীয়কে ধন্যবাদ জানাই, যারা এই পুরো যাত্রাপথে আমাকে সমর্থন জুগিয়েছেন এবং ভালো ও কঠিন—উভয় সময়েই আমার ওপর আস্থা রেখেছেন।”












