বাংলা হান্ট ডেস্কঃ ব্যারাকপুরের কর্মিসভা থেকে শনিবার রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দুর্নীতি, অনুপ্রবেশ, মহিলাদের নিরাপত্তা, সব ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে একের পর এক তোপ দাগেন তিনি। তাঁর দাবি, বাংলাকে রক্ষা করতে হলে বিজেপি সরকার গড়া ছাড়া আর কোনও পথ নেই।
কী কী বললেন অমিত শাহ (Amit Shah) (Amit Shah)?
এদিন দুর্নীতির প্রসঙ্গ টেনে অমিত শাহ (Amit Shah) বলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের দুর্নীতিবাজদের খুঁজে খুঁজে জেলে ভরা হবে। নিজের বক্তব্যে তিনি একে একে ১৪ জন নেতা–মন্ত্রী–বিধায়কের নাম উল্লেখ করেন, যাঁরা দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই জেল খেটেছেন। অমিত শাহের কথায়, “দুর্নীতি সব সীমা অতিক্রম করেছে। এখানকার মানুষ সিন্ডিকেট রাজে অতিষ্ঠ। টাকা গুণ্ডাদের হাতে চলে যায়। এই সরকারের কি আর থাকা উচিত?”
এরপর তিনি নাম ধরে আক্রমণ করেন তৃণমূল নেতাদের। শাহ (Amit Shah) বলেন, “পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, জীবনকৃষ্ণ সাহা, মদন মিত্র, পরেশ পাল, মানিক ভট্টাচার্য, অজিত মাইতি, চন্দ্রনাথ সিংহ, কুন্তল ঘোষ, আরাবুল ইসলাম, ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, অনুব্রত মণ্ডল, সকলেই জেলে গিয়েছেন। আমাদের সরকার গড়তে দিন, বাকিদেরও জেলে ভরা হবে।”
তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “সাহস থাকলে এঁদের টিকিট দেবেন না। টিকিট না দিলে ওঁরা ভাইপোর নাম ফাঁস করে দেবে।” ক্ষমতায় এলে দুর্নীতির বিরুদ্ধে কড়া তদন্তের আশ্বাসও দেন তিনি। বলেন, “এক এক জন দুর্নীতিগ্রস্তকে বেছে বেছে জেলে ঢোকাব।”
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করে শাহ (Amit Shah) বলেন, “মমতার শাসনে দুর্নীতিকে প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। SSC, পুরসভা নিয়োগ, গরু পাচার, ১০০ দিনের কাজ, পিএম আবাস যোজনা, সব জায়গায় দুর্নীতি হয়েছে। হাজার হাজার কোটি টাকার জালিয়াতি হয়েছে।” কটাক্ষ করে তিনি আরও বলেন, “ভাইপোকে মুখ্যমন্ত্রী করার স্বপ্নে আপনার চোখে ছানি পড়েছে। বাংলার মানুষ সেই ছানির অস্ত্রোপচার করে দেবে।”

আরও পড়ুনঃ বাজেটের দিন থেকেই দামী হচ্ছে সিগারেট-পান মশলা, আর কোন কোন জিনিসে দাম বাড়বে? জানুন
এদিনের সভায় অমিত শাহ (Amit Shah) ঐতিহাসিক প্রসঙ্গও টেনে আনেন। তাঁর দাবি, “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গকে রক্ষা করেছিলেন, নয়তো আজ তা বাংলাদেশের অংশ হয়ে যেত।” বিজেপি বর্তমানে দেশের ২১টি রাজ্যে ক্ষমতায় থাকলেও সন্তুষ্ট নন বলে জানান তিনি। বলেন, “মোদীজি আর আমরা তখনই হাসব, যখন ২২তম রাজ্য হিসেবে বাংলা জিতব। সেটাই হবে শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।”












