বাংলা হান্ট ডেস্কঃ আগামীকাল, ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট (Budget 2026) পেশ হতে চলেছে। বাজেট ঘোষণার দিকে তাকিয়ে থাকেন সাধারণ মানুষ, কারণ এই দিনেই অনেক সময় ঠিক হয় কোন জিনিস সস্তা হবে, আর কোন জিনিসের দাম বাড়বে। তবে এবার বাজেট ঘোষণার আগেই একাধিক নিয়ম ও দামে পরিবর্তন আসতে চলেছে।
নতুন বাজেটে (Budget 2026) কী কী জিনিসের দাম বাড়বে?
সূত্রের খবর, কেন্দ্রের নতুন বাজেটে শুরুর দিন, অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকেই সিগারেট, পান মশলা থেকে শুরু করে এলপিজি সিলিন্ডার ও ক্রেডিট কার্ড, একাধিক ক্ষেত্রে বদল কার্যকর হতে চলেছে। নিম্নে বিস্তারিত উল্লেখ করা হল –
এলপিজি সিলিন্ডারের দামে বদল হতে পারে
প্রতি মাসের শুরুতে আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দামের উপর ভিত্তি করে দেশের অয়েল মার্কেটিং সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে, তার প্রভাব পড়ে দেশীয় বাজারেও। গত মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১৪ টাকা ৫০ পয়সা কমানো হয়েছিল। তবে ১ ফেব্রুয়ারি থেকে আবার এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সিএনজি, পিএনজি এবং এভিয়েশন ফুয়েলের দামেও বদল হতে পারে।
ফাস্ট্যাগের নিয়মে বড় পরিবর্তন
জাতীয় সড়ক পরিবহণ দফতরের তরফে জানানো হয়েছে, ফাস্ট্যাগের জন্য কেওয়াইসি ভেরিফিকেশনের নিয়ম বাতিল করা হচ্ছে। ১ ফেব্রুয়ারি থেকে নতুন করে ফাস্ট্যাগ চালু করলেও আর আলাদা করে কেওয়াইসি ভেরিফিকেশন করতে হবে না। এবার থেকে ব্যাঙ্কই গাড়ি সংক্রান্ত সমস্ত তথ্য যাচাইয়ের দায়িত্ব নেবে।
সিগারেট, পান মশলা ও তামাকজাত পণ্যের দাম বাড়ছে
১ ফেব্রুয়ারি থেকে সিগারেট, পান মশলা ও অন্যান্য তামাকজাত পণ্যের দাম বাড়তে চলেছে। এই ধরনের পণ্যকে ‘সিন গুডস’ বা পাপ-পণ্য হিসেবে ধরা হয়। এই পণ্যের উপর অতিরিক্ত কর বসানো হচ্ছে। জিএসটির উপরে এই অতিরিক্ত কর আরোপের ফলে দাম বাড়বে বলে জানানো হয়েছে।
ক্রেডিট কার্ড ব্যবহারে নিয়ম বদল
১ ফেব্রুয়ারি থেকে এইচডিএফসি ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্কের একাধিক ক্রেডিট কার্ডের নিয়মে পরিবর্তন হচ্ছে। এইচডিএফসি ইনফিনিয়া মেটাল ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা এখন থেকে প্রতি মাসে সর্বোচ্চ পাঁচবার রিওয়ার্ড পয়েন্ট রিডিম করতে পারবেন। অন্যদিকে, আইসিআইসিআই ব্যাঙ্ক তাদের একাধিক ক্রেডিট কার্ডে বুক মাই শো-তে ফ্রি সিনেমার টিকিট দেওয়ার সুবিধা বন্ধ করে দিচ্ছে। পাশাপাশি রিওয়ার্ড পয়েন্ট ব্যবস্থাতেও পরিবর্তন আনা হচ্ছে।

সব মিলিয়ে বলা যায়, কেন্দ্রীয় বাজেট (Budget 2026) ঘোষণার আগেই ১ ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একাধিক ক্ষেত্রে পরিবর্তন কার্যকর হতে চলেছে। এখন নতুন বাজেটে কী কী ঘোষণা হয়, এবং তার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কতটা পরিবর্তন হয়, সেদিকেই নজর সাধারণ মানুষের।












