বাংলা হান্ট ডেস্কঃ সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যজুড়ে একের পর এক রাজনৈতিক চালে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ভোট প্রচারের মঞ্চ থেকে একে অপরের বিরুদ্ধে ক্রমাগত বিস্ফোরক মন্তব্য শানিয়ে চলেছে রাজ্যের রাজনৈতিক দলগুলি। এই আবহের মধ্যে এবার বাংলা থেকে রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকারের বিরুদ্ধে ৩৫ পাতায় বিস্ফোরক চার্জশিট প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
‘জনগণের চার্জশিট প্রকাশ’ অমিত শাহর (Amit Shah)
‘জনগণের চার্জশিট প্রকাশ’ নামের এই কর্মসূচিতে আনুষ্ঠানিক ভাবে নথিটি প্রকাশ করেন অমিত শাহ (Amit Shah)। নথিতে তিনি বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন। সেগুলি হল –
১. অনুপ্রবেশই সবচেয়ে বড় ইস্যু
অমিত শাহর দাবি, অসমে অনুপ্রবেশ অনেকটাই বন্ধ হয়েছে। এখন পশ্চিমবঙ্গই বেআইনি অনুপ্রবেশের প্রধান রাস্তা হয়ে উঠেছে। তাই এই রাজ্যের ভোট শুধু বাংলার নয়, দেশের নিরাপত্তার সঙ্গেও জড়িত।
২. তৃণমূলের ১৫ বছরের অপশাসনের অভিযোগ
শাহ বলেন, গত ১৫ বছরে রাজ্যে অরাজকতা, দুর্নীতি, কাটমানি ও অপশাসন বেড়েছে। এই চার্জশিটে সেই সব অভিযোগ একসঙ্গে তুলে ধরা হয়েছে।
৩. বিজেপির নিরঙ্কুশ জয়ের দাবি
তাঁর কথায়, পশ্চিমবঙ্গে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে। মানুষের মধ্যে পরিবর্তনের ইচ্ছা স্পষ্ট বলেই তিনি দাবি করেন।
৪. শুভেন্দু অধিকারীর ভূমিকার প্রশংসা
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে মানুষের কাছে তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ পৌঁছে দিয়েছেন বলে শাহ উল্লেখ করেন।
৫. ‘ভয়মুক্তির ভোট’ বার্তা
শাহের দাবি, এ বারের ভোট মানুষকে প্রাণনাশ, সম্পত্তি হারানো, রোজগার কমে যাওয়া এবং জনবিন্যাস বদলের ভয় থেকে মুক্তির ভোট।
৬. বাংলা-বিহার-ওড়িশায় একই সরকার
তিনি বলেন, বহু বছর পরে বাংলা, বিহার ও ওড়িশায় একই দলের সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে। এটিকে তিনি বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে তুলে ধরেন।
৭. মমতার ‘ভিক্টিম কার্ড’ অভিযোগ
শাহ অভিযোগ করেন, ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থতা বা শারীরিক সমস্যাকে সামনে এনে মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করেন।
৮. এসআইআর ও প্রশাসনিক নিরপেক্ষতা প্রশ্নে আক্রমণ
কেন শুধু পশ্চিমবঙ্গে সুপ্রিম কোর্টকে বিচারবিভাগীয় আধিকারিক নিয়োগ করতে হল, তা নিয়ে প্রশ্ন তোলেন শাহ। তাঁর দাবি, অনেক আধিকারিক নির্ভয়ে কাজ করতে পারছিলেন না।
৯. সীমান্তে বেড়া দেওয়ার প্রতিশ্রুতি
শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে ১৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি কেন্দ্রকে দেওয়া হবে, যাতে অনুপ্রবেশ রোখা যায়।
১০. কাটমানি ও সিন্ডিকেট রাজের অভিযোগ
গত ১৫ বছরে কাটমানি, সিন্ডিকেট ও দুর্নীতির একটি বড় চক্র তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। এর জেরেই শিল্প ও বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে।
১১. চাকরি সঙ্কটের কারণ হিসেবে দুর্নীতি ও অনুপ্রবেশ
রাজ্যে কর্মসংস্থান না থাকার পিছনে কাটমানি, দুর্নীতি ও অনুপ্রবেশকে দায়ী করেন শাহ। তাঁর দাবি, এর ফলে কম বেতনের কাজ বেড়েছে।
১২. মহিলা নিরাপত্তা নিয়ে আশ্বাস
মহিলাদের বিরুদ্ধে অপরাধে কঠোর শাস্তির কথা বলেন শাহ। বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টেনে বাংলাতেও একই পরিবেশ গড়ার প্রতিশ্রুতি দেন।
১৩. অফিসার বদলি ও রামনবমী প্রসঙ্গ
ভোটের আগে অফিসার বদলি নির্বাচন কমিশনের স্বাভাবিক প্রক্রিয়া বলেই দাবি করেন তিনি। তাঁর মতে, বদলি হওয়ায় রামনবমীতে হিংসা কম হয়েছে।
১৪. বাঙালি হেনস্থা নিয়ে অবস্থান
বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের চিন্তার কোনও কারণ নেই বলে শাহ জানান। তাঁর লক্ষ্য শুধুই বেআইনি অনুপ্রবেশকারীদের শনাক্ত করা।
১৫. রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অপমানের অভিযোগ
রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে অসম্মান করা হয়েছে বলে তৃণমূলকে নিশানা করেন শাহ। সাংবিধানিক পদগুলির মর্যাদা রক্ষার কথাও তিনি বলেন।

আরও পড়ুনঃ ফের মাস্টারস্ট্রোক মমতার! ১০ লক্ষ টাকা ও ২ টি ফ্ল্যাটের ঘোষণা, কারা পাবেন জানুন
ভোটের ঠিক আগে ৩৫ পাতার এই ‘জনগণের চার্জশিট’ প্রকাশ করে তৃণমূল সরকারের বিরুদ্ধে একসঙ্গে একাধিক ইস্যু সামনে আনলেন অমিত শাহ (Amit Shah)। একই সঙ্গে পরিবর্তনের বার্তা দিয়ে বাংলার মানুষকে তৃণমূলকে সরানোর আহ্বানও জানান তিনি। ভোটের মুখে এই চার্জশিট যে বঙ্গ রাজনীতির উত্তাপ আরও বাড়িয়ে দিল, তা বলাই যায়।












